নদীভাঙনে ৫০ ভিটা বিলীন
তিস্তা নদীর ভাঙনে নীলফামারীর ডিমলা উপজেলার কিসামত ছাতনাই চর এলাকার অর্ধশত পরিবারের বসতভিটা ও দুই শতাধিক একর আবাদি জমি বিলীন হয়ে গেছে।
উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য মকবুল হোসেন বলেন, কিসামত ছাতনাই চরে তিন শতাধিক পরিবারের বসবাস। চরের পশ্চিমপাড়া গ্রামে গত রোববার দুপুরের পর থেকে তিস্তা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করে। সোমবার (গতকাল) বেলা দুইটা পর্যন্ত ৫০টি পরিবারের বসতভিটা ও দুই শতাধিক একর আবাদি জমি তিস্তায় বিলীন হয়ে গেছে। ভাঙন এখনো অব্যাহত আছে।
ভাঙনের শিকার ওই গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘বসতভিটা পাঁচবার ভাঙার পর চার শতক জমির ওপর নতুন করে বসতভিটা করেছিলাম। সেটিও ভেঙে গেল।’ একই গ্রামের আবদুল কুদ্দুস জানান, তাঁর বসতভিটা তৃতীয়বারের মতো তিস্তার ভাঙনের শিকার হলো।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নায়েমা তাবাসসুম শাহ জানান, তিনি ভাঙনকবলিত এলাকা রোববার পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি ভিত্তিতে খয়রাতি সাহায্যের বরাদ্দ দিতে জেলা প্রশাসনের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাফা মো. আরিফ বলেন, পিআইও এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত লোকজনের তালিকা তৈরি করেছেন। সরকারিভাবে সাহায্য-সহযোগিতার জন্য জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়কে অবহিত করা হয়েছে।