নদীভাঙনে ৫০০ বাড়ি বিলীন
পদ্মা নদীর ভাঙনে গত এক সপ্তাহে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইসলামপুর ও ফিলিপনগর গ্রামের পাঁচ শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। বন্যার পানিতে ডুবে দুই শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছে।এলাকার বেশ কয়েকজন জানান, পদ্মার পানি বাড়তে থাকায় সপ্তাহ খানেক আগে ফিলিপনগর ইউনিয়নে নদীভাঙন শুরু হয়। বর্তমানে ভাঙন তীব্র হয়েছে। ইতিমধ্যে ফিলিপনগর ইউনিয়নের ওই দুই গ্রামের আবেদের ঘাট, ইসলামপুর, হাজিরহাট, বৈরাগীপাড়া, জামাইপাড়া ও চাইপাড়া এলাকার পাঁচ শতাধিক বাড়ি ও প্রায় ৩০০ একর আবাদি জমি নদীগর্ভে চলে গেছে। হুমকির মুখে পড়েছে রায়টা-মহিষকুণ্ডি বন্যানিয়ন্ত্রণ বাঁধ। ১৮ জুলাই উপজেলার চিলমারী ইউনিয়নের খারিজার থাক এলাকায় বন্যার পানিতে রবিউল ইসলাম (৭) ও আলামিন (৬) নামের দুই শিশু নিখোঁজ হয়েছে। এ ছাড়া ২৪ জুলাই ফিলিপনগর এলাকায় ময়েন উদ্দীন (২২) নামের এক বালুশ্রমিক পানিতে ডুবে নিখোঁজ হন। গতকাল পর্যন্ত তাদের পাওয়া যায়নি।গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, নদীতীরবর্তী এলাকার অনেক মানুষ ঘর ও আসবাব দ্রুত সরিয়ে নিচ্ছে। তারা গাছপালাও কেটে সারিয়ে নিচ্ছে। অনেকে স্কুল, আত্মীয়স্বজনের বাড়ি ও সড়কে আশ্রয় নিয়েছে।ইসলামপুর থেকে ফিলিপনগর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এলাকায় নদী ভাঙতে ভাঙতে গ্রামের ভেতরে প্রায় ৩০০ ফুট চলে এসেছে। হুমকির মুখে আছে ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়, ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর মাদ্রাসা, ইসলামপুর জামে মসজিদসহ কয়েক হাজার বাড়ি।