নদীভাঙনের অজুহাতে উজাড় করা হচ্ছে বন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীভাঙনের অজুহাতে রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের জাজিরা চরে বন বিভাগের লাগানো ৫০ হেক্টর জমির গাছ লুট হয়ে যাচ্ছে। প্রতিদিন নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছে কাটা গাছ। বনের ভেতর আড়ত্ বসিয়ে কাটা গাছ বিক্রি করা হচ্ছে। বন বিভাগের দাবি, ভাঙনের কারণে গাছগুলো কেটে নৌকায় করে বন বিভাগের কার্যালয়ে পাঠানো হচ্ছে। ডালপালা সুবিধাভোগী ব্যক্তিরা বিক্রি করছে।বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৩ সালে ফরেস্ট্রি সেক্টর প্রকল্পের আওতায় পবা উপজেলার হরিপুর ইউনিয়নের জাজিরা সোনাইকান্দি ও নতুন চর সোনাইকান্দিতে ৫০ হেক্টর জমিতে বাবলা, শিশু, ইপিলইপিল, আকাশমণি, অর্জুন, কড়ই, জামরুল, বহেড়া, আমলকী, করমচাসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। সাত বছরে এসব বৃক্ষ একটি সুন্দর বনভূমিতে পরিণত হয়। কিন্তু গত কয়েক বছরে নদীভাঙনে ওই চরের বাসিন্দারা অন্যত্র আশ্রয় নিয়েছে। তার সঙ্গে এই বনের সুবিধাভোগী ব্যক্তিরাও অন্যত্র বসাবাস করছে। হরিপুর ইউনিয়নের হারুপুরের সুবিধধাভোগী ব্যক্তিরা পদ্মায় পানি আসার পর বনের তদারকি করতে পারছে না। এই সুযোগে একটি চক্র এ গাছ কেটে নৌকায় করে নিয়ে যাচ্ছে।হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল বলেন, এই বাগানের ৫০ জন সুবধািভোগী ব্যক্তি আছে। চুক্তি অনুযায়ী এই বনের কাঠের ২০ ভাগ ইউনিয়ন পরিষদ, ৪০ ভাগ সুবিধাভোগী ব্যক্তি ও ৪০ ভাগ বন বিভাগ পাবে। কিন্তু স্থানীয় সুবিধাভোগী ব্যক্তি ও ইউনিয়ন পরিষদকে কিছু না জানিয়েই বন বিভাগের এক শ্রেণীর কর্মচারীর সহযোগিতায় এখন প্রতিদিন এই বনের গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে। হরিপুর ইউনিয়নের হারুপুর গ্রামের সুবিধাভোগী লাল মোহাম্মদ (৪২) বলেন, এর আগেও বন বিভাগের লোকজন গাছ কেটে নিয়ে গেছে। কিন্তু সুবিধাভোগী ব্যক্তিরা কেউ কোনো টাকাপয়সা পায়নি। এবারও গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে।একই গ্রামের সুবিধাভোগী আনসার আলীর (৫১) অভিযোগ, আবদুর রাজ্জাক নামের বন বিভাগের একজন লোক সেখানে থাকেন। তিনিই ভাঙনের দোহাই দিয়ে গাছ কেটে বাইরের লোকজনের কাছে বিক্রি করে দিচ্ছেন। এ ব্যাপারে সুবিধাভোগী ব্যক্তিদের কিছুই জানানো হচ্ছে না। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বনের ভেতরের গাছ কেটে ফাঁকা করে ফেলা হয়েছে। অসংখ্য গাছের গোড়া গাছ চুরির সাক্ষী হিসেবে রয়ে গেছে। কোথাও কোথাও মোটা গাছের অর্ধেকটা কেটে রাখা হয়েছে। স্থানীয় একটি সূত্র জানায়, সুযোগ পেলেই বাকি অর্ধেক কেটে নিয়ে যাওয়া হবে। বনের ভেতর এক জায়গায় জঙ্গলের মধ্যে ডালপালার ভেতর স্তূপ কর রাখা হয়েছে অনেক গাছের গুঁড়ি। কেউ কাঁধে করে, কেউ মাথায় করে কাঠ নিয়ে চলে যাচ্ছে। বনের মধ্যে এক জায়গায় টিনের ছাপরা তুলে কাঠ বিক্রির আড়ত্ তৈরি করা হয়েছে। সেখানে দাঁড়িপাল্লা টাঙিয়ে ওজন করে বাইরের লোকদের কাছে কাঠ বিক্রি করা হচ্ছে। বন বিভাগের পাহারাদার আবদুর রাজ্জাক বলেন, দক্ষিণে বনের বিরাট এলাকা পদ্মা নদীতে ভেঙে গেছে। এখনো প্রতিদিন ভাঙছে। সে জন্য আগে আগে গাছ কেটে নেওয়া হচ্ছে। এসব কাঠ বন বিভাগের অফিসে পাঠানো হচ্ছে, আর ডালপালা সুবিধাভোগী ব্যক্তিরা নিয়ে এখান থেকে বিক্রি করছেন। পবার বন কর্মকর্তা ময়েন উদ্দিন বলেন, যেগুলো ভাঙনের মুখে পড়ছে, সেগুলো তুলে এনে কাঠের অংশটি পবার সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণকেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। আর ডালপালাগুলো সুবিধাভোগী ব্যক্তিদের দিয়ে দেওয়া হচ্ছে। এগুলোই তারা ওখানে বাইরের লোকদের কাছে বিক্রি দিচ্ছে। বাইরের লোকজন গাছ কেটে নিয়ে যাচ্ছে কীভাবে, জানতে চাইলে তিনি বলেন, দুষ্কৃতকারীরা রয়েছে। দু-একটা তো হবেই। সুবিধাভোগী ব্যক্তিদের বিষয়ে তিনি বলেন, ১০ বছরে একটি আবর্তকাল। টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে। আবর্তকাল শেষ হলে দেওয়া হবে।