নদীভাঙনের কবলে বিএল কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভৈরব নদে পানি উন্নয়ন বোর্ডের দেয়াল ভেঙে ঝুঁকিতে পড়েছে বিএল কলেজের স্থাপনা l প্রথম আলো
ভৈরব নদে পানি উন্নয়ন বোর্ডের দেয়াল ভেঙে ঝুঁকিতে পড়েছে বিএল কলেজের স্থাপনা l প্রথম আলো

খুলনা নগরের দৌলতপুরের ব্রজলাল (বিএল) সরকারি কলেজসংলগ্ন ভৈরব নদীতে প্রায় অর্ধকিলোমিটারজুড়ে ভাঙন চলছে। এতে কলেজের মন্দির, ছাত্রাবাসসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, প্রায় ১০ বছর ধরে এই স্থানে ভাঙন চলছে। গত পাঁচ বছর আগে থেকে ভাঙনের পরিধি বেড়েছে। এর কারণ কলেজের ঠিক উত্তর পাশে নদীতে গত বছর পাঁচেক আগে একটি কয়লাবাহী জাহাজ ডুবে যাওয়া এবং দীর্ঘদিনে জাহাজটি উদ্ধার না হওয়ায় স্রোতের গতি জাহাজে বাধা পেয়ে কলেজের পাশে চলে আসছে।
নদীর উত্তর পাশে ব্যবসায়ীরা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষায় মাটি, বালু ও ইটের খোয়া ফেলে ভাঙনরোধের চেষ্টা করছেন। এতে নদীর স্রোত সরাসরি কলেজের পাশে এসে বাধা পাচ্ছে। কিন্তু কলেজের পাশে ভাঙনরোধে তেমন পদক্ষেপ নেওয়া হয়নি। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পাঁচ বছর আগে স্বল্পপরিসরে নদীর পাশে একটি পাকা ওয়াল নির্মাণ করে। কিন্তু স্রোতের তীব্রতায় তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, কলেজসংলগ্ন অর্ধকিলোমিটারের নদীরক্ষা বাঁধ বিলীন হয়ে গেছে। নদীভাঙন কলেজ মন্দির পর্যন্ত পৌঁছে গেছে। অনেক স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভাঙন প্রতিরোধে পাউবোর দেওয়া পাকা দেয়াল নদীগর্ভে বিলীনের পথে।
কলেজছাত্র আসীম সাহা বলেন, ‘ভাঙন একদম হলের কাছাকাছি এসে গেছে। জোয়ারের সময় হলের মধ্যে পানি ঢুকে পড়ার অবস্থা হয়। ভাঙন-আতঙ্কে রাতে ঠিকমতো ঘুম হয় না।’
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক বলেন, গত ১০ বছরে প্রায় ৫০-৬০ হাত ভেঙে গেছে। মৃত্তিকা-বিশেষজ্ঞরা বলেছেন, মাটির নিচে গর্ত হয়ে গেছে। দ্রুত পদক্ষেপ না নিলে যেকোনো মুহূর্তে কলেজের মন্দির, সুবোধ চন্দ্র হল ও আশপাশের স্থাপনা নদীতে বিলীন হয়ে যাবে। এরই মধ্যে মন্দির দুই-তিন ইঞ্চি দেবে গেছে, সেই সঙ্গে ফাটল দেখা দিয়েছে।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তর্ক নারায়ণ সাহা বলেন, ‘আমরা একাধিকবার পাউবোকে জানিয়েছি। তারা চার-পাঁচ বছর আগে একটু সংস্কার করেছিল। কিন্তু নদীভাঙনে তা অনেক আগে বিলীন হয়ে গেছে। তারপর আর কোনো কাজ হয়নি। আমরা ভাঙন নিয়ে খুব বিপদে আছি।’
পাউবো (রক্ষণাবেক্ষণ ও পরিচালনা)-২ খুলনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমানের কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। পরে খুদে বার্তা পাঠালেও তিনি যোগাযোগ করেননি।