নদীভাঙনের কবলে সড়ক

- প্রায় ১০০ মিটার পাকা সড়ক নদীতে বিলীন।
- অন্তত ৩০টি দোকানঘর নদীতে বিলীন।
- ঝুঁকিতে আরও শতাধিক দোকান ও বসতঘর।
- গত ৩১ জানুয়ারি মাস্টারপাড়ায় সড়কের কিছু অংশ ধসে গেছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে সড়ক ও দোকানপাট। হুমকিতে রয়েছে উপজেলা পরিষদের কয়েকটি ভবন। উপজেলার বাসিন্দারা নদী ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এলেও কোনো কাজ হচ্ছে না।
গত শনিবার সরেজমিনে দেখা গেছে, উপজেলা পরিষদ ভবনের সামনে দক্ষিণ দিকে দোয়ারাবাজার-ছাতক সড়ক। সড়ক ঘেঁষে দক্ষিণে সুরমা নদী। পরিষদের সামনের অংশে ১০০ মিটারের মতো পাকা সড়ক নদীতে বিলীন হয়ে গেছে। এই ভাঙন থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার বাসভবনের দূরত্ব ১০০ থেকে ১৫০ হাত হবে। এর পাশেই রয়েছে পরিষদের প্রশাসনিক ও কয়েকটি আবাসিক ভবন, মসজিদ, পাঠাগার, উপজেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়। ভাঙন এখনো অব্যাহত রয়েছে।
সড়কের দক্ষিণ পাশে সুরমা নদীর তীরের দোকানিরা বলেন, গত ৪ বছরে এখানে অন্তত ৩০টি দোকানঘর নদীতে বিলীন হয়েছে। এখন ঝুঁকিতে আরও শতাধিক দোকান ও বসতঘর। মূল সড়ক ভাঙার পর আড় দিয়ে কিছু বস্তা ফেলা হয়েছিল। সেগুলোও এখন ভেঙে যাচ্ছে। দোকানের পাশে থাকা পাকা খেয়াঘাটটিও নদীতে বিলীন হয়ে গেছে।
ব্যবসায়ীরা বলেন, চার বছর ধরে বিভিন্নভাবে দাবি জানানোর পরও নদীভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গত বর্ষায় ব্যাপক হারে ভাঙন শুরু হয়। এখন নদীতে পানি কমায় আবার ভাঙন শুরু হয়েছে। নদীতীরের মাছুম ওয়ার্কশপের মালিক মাছুম আহমদ বলেন, ‘আমার একটি ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন যে ঘরটিতে ব্যবসা করছি, সেটিও যেকোনো সময় নদীতে চলে যাবে। এর আগেও একবার ঘরটি সরিয়েছি। এখন আর সরানোর জায়গা নেই।’ খেয়াঘাটের ইজারাদারের প্রতিনিধি কামাল মিয়া বলেন, এক বছরের মধ্যে পাকা খেয়াঘাটটি নদীতে বিলীন হয়ে গেছে। ব্যবসায়ী আবুল কালাম বলেন, ‘প্রতিবছরই শুনি কাজ হবে। কিন্তু কোনো কাজ আর হয় না।’
দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মো. সফর আলী বলেন, ‘আমরা একাধিকবার মানববন্ধন ও সমাবেশ করে সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপি দিয়েছি। এলাকার সাংসদ মুহিবুর রহমান মানিক এ নিয়ে জাতীয় সংসদে কথা বলেছেন। কিন্তু কোনো কাজ হয়নি।’
উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল বারী বলেন, সুরমার ভাঙনের হুমকিতে রয়েছে দোয়ারাবাজার-ছাতক সড়ক। গত ৩১ জানুয়ারি উপজেলা সদরের মাস্টারপাড়া এলাকায় সড়কের বেশ কিছু অংশ ধসে গেছে। এ ছাড়া সড়কের নৈনগাঁও, বাউসা, লক্ষ্মী বাউর এলাকায় ভাঙছে। এখানে সড়ক ও পাশের কয়েকটি গ্রাম হুমকিতে রয়েছে। যেকোনো সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস আলী বলেছেন, ‘এ নিয়ে কয়েক বছর ধরে আমরা কথা বলছি। সভা-সমাবেশ করছি। সর্বশেষ স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। অবস্থা কতটা খারাপ, সরেজমিনে দেখার জন্য আমি তাঁদের দাওয়াত দিয়েছি।’
পাউবো সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, দোয়ারাবাজারে সুরমা নদীর ভাঙন প্রতিরোধে একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয় পাঠানো আছে। বরাদ্দ পাওয়া গেলেই কাজ হবে।