নদীভাঙনের ঝুঁকি থেকে উলানিয়া-গোবিন্দপুরকে রক্ষার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়ন মেঘনা নদীর ভাঙনে মারাত্মক ঝুঁকিতে। গত আট বছরে গোবিন্দপুর এলাকা প্রায় সম্পূর্ণ নদীগর্ভে তলিয়ে গেছে। বাস্তুহারা হয়েছে ৫০ হাজার মানুষ। তাদের অধিকাংশ নতুন করে বসতি স্থাপন করেছে উলানিয়া ইউনিয়নে। কিন্তু সম্প্রতি উলানিয়া এলাকা ভাঙনের মুখে পড়ায় চরম আতঙ্কে দিন কাটছেন এলাকাবাসী। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে উলানিয়া ইউনিয়নকে মেঘনার গ্রাস থেকে রক্ষা করা যাবে না। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির বীর উত্তম খাজা নিজামউদ্দিন মিলনায়তনে ‘মেঘনার করাল গ্রাস থেকে উলানিয়া-গোবিন্দপুর রক্ষায় এগিয়ে আসুন’ শীর্ষক মতবিনিময় সভায় উলানিয়া-গোবিন্দপুর এলাকাবাসী এসব তথ্য জানান। মতবিনিময় সভার আয়োজন করেন বরিশালের উলানিয়া-গোবিন্দপুর- মেহেন্দীগঞ্জবাসী।সভায় প্রধান অতিথির বক্তব্যে কবি আসাদ চৌধুরী বলেন, বাংলাদেশের বিভিন্ন নদীভাঙনপ্রবণ অঞ্চলের মধ্যে উলানিয়ার ব্যতিক্রম কিছু বৈশিষ্ট্য আছে। উলানিয়ার নদীভাঙন রোধের মাধ্যমে শুধু উলানিয়া জনপদই রক্ষা পাবে না, বেঁচে থাকবে বাঙালির শত বছরের ঐতিহ্য।সভায় জানানো হয়, নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে কিছু বরাদ্দ দিয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এলাকাবাসীর দাবি, উলানিয়া রক্ষার্থে সরকার যেন জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। এ ছাড়া সভায় উলানিয়া, গোবিন্দপুর ও মেহেন্দীগঞ্জ এলাকার সচ্ছল ব্যক্তিদেরও ভাঙন রোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়; যাতে সরকারের পাশাপাশি জনগণও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভাঙন রোধে সাহায্য করতে পারে। সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান বলেন, ‘নদীভাঙন রোধে দীর্ঘদিন ধরে সরকারের সহযোগিতা পেতে কাজ করছি। এ জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদনপত্রও পাঠিয়েছি। কিন্তু এখনো সরকার তেমন কোনো ব্যবস্থা নেয়নি।’সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উলানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, মেহেন্দীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।