নদীভাঙনের ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীভাঙনে ঢাকা-বরিশাল মহাসড়কের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) মারাত্মক ঝুঁকিতে পড়েছে। পাশের দুটি গ্রামে সন্ধ্যা নদীর ভাঙন ক্রমেই সেতুটির দিকে ধেয়ে আসছে। এরই মধ্যে সেতু সুরক্ষা বাঁধের প্রায় ২০০ মিটার নদীতে বিলীন হয়ে গেছে।

সেতুটির দুই পাশে অবস্থিত বরিশালের বাবুগঞ্জ উপজেলার মহিষাদী ও দক্ষিণ রাকুদিয়া গ্রাম। গত ৩০ জুলাই সরেজমিনে দেখা যায়, দক্ষিণ পাড়ের মহিষাদী গ্রামে সন্ধ্যা নদীর ভাঙনের তীব্রতা বেশি। ভাঙন ক্রমে এগোতে এগোতে সেতুর ৩৫-৪০ ফুট দূরত্বে চলে এসেছে। গত কয়েক দিনের ভাঙনে দুটি মসজিদসহ ১৭টি বাড়ি নদীগর্ভে চলে গেছে। আরেকটি মসজিদের একাংশ নদীগর্ভে চলে গেছে। নদী ছুঁইছুঁই অবস্থায় আছে সৈয়দ মোশারফ রাশিদা একাডেমি নামে একটি মাধ্যমিক বিদ্যালয়ের দোতলা ভবন।

মহিষাদী গ্রামের হাচান আলী (৪৫) ও মো. আবদুস সালাম (৫৫) বলেন, তাঁদের পরিবারও এই ভাঙনে সর্বস্ব হারিয়েছে। ঝুঁকির মধ্যে আছে আরও অন্তত ২০টি পরিবার। আর গত দু-তিন বছরে গ্রামটির অন্তত ১০০ পরিবার নদীভাঙনে গৃহহীন হয়েছে।

সেতুর উত্তর পাড়ে দক্ষিণ রাকুদিয়া গ্রামটিও তীব্র ভাঙনের কবলে পড়েছে। অবশ্য সেই ভাঙন এখনো সেতুটি থেকে ৫০০ মিটার দূরত্বে রয়েছে। গত বৃহস্পতিবার রাতে এই গ্রামের আইয়ুব আলী, মোশারেফ হোসেন মাতুব্বর ও আবদুল মজিদের তিনটি বাড়ি ও ফসলি জমি নদীগর্ভে চলে যায়। ঝুঁকিতে আছে আবুল বাশার হাওলাদার, কালাম হাওলাদার ও আমির আলী হাওলাদারের বাড়ি। ভাঙন আতঙ্কে দিশেহারা বাসিন্দারা। অনেকেই বসতঘর সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন। গ্রামবাসী বলেন, সাধারণ মানুষের সুরক্ষায় না হলেও পাশের গুরুত্বপূর্ণ সেতুটি সুরক্ষার জন্য অন্তত ভাঙন ঠেকানো উচিত। কিন্তু পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

সেতুর ইজারাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ সেতু দিয়ে প্রতিদিন কয়েক শ যানবাহন পারাপার হয়।

এতে গড়ে প্রতিদিন আড়াই থেকে তিন লাখ টাকা টোল আদায় হয়। গুরুত্বপূর্ণ এ সেতুটির কোনো কিছু হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে।

সওজ পাউবো ঠেলাঠেলি

এদিকে সেতু এলাকায় সন্ধ্যা নদীর ভাঙন ঠেকাতে সওজ ও পাউবোর মধ্যে ঠেলাঠেলি শুরু হয়েছে। পাউবো বলছে, সেতুটি সওজ বিভাগের। তাই এটি রক্ষার দায়িত্ব তাদের। অন্যদিকে সওজ বিভাগ বলছে, নদীভাঙন প্রতিরোধের দায়িত্ব পুরোপুরি পাউবোর। ভাঙন প্রতিরোধের কারিগরি দক্ষতা কিংবা অর্থ বরাদ্দ কোনোটিই সওজের নেই।

সওজ বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কে এইচ গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘নদীভাঙন রোধের বিষয়টি সওজের আওতাভুক্ত নয়। এটা পাউবোর বিষয়। আমরা কেবল আমাদের সেতুটির সুরক্ষার বিষয়টি দেখছি। এ জন্য এবার ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে সেতুর অবকাঠামো সুরক্ষার জন্য আমরা বালুভর্তি বস্তা ওখানে ডাম্পিংয়ের কাজ করিয়েছি। এই কাজ সম্প্রতি শেষ হয়েছে।’

বরিশাল সওজ সূত্র বলছে, বরিশাল-ঢাকা মহাসড়কের গুরুত্বপূর্ণ এই সেতুটি ২০০৩ সালের ৮ এপ্রিল যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। সেতুটির দৈর্ঘ্য ৩৮৮ মিটার ও প্রস্থ সাড়ে ৭ মিটার। সেতুটির সুরক্ষায় দক্ষিণ পাশে মহিষাদী গ্রামে ১ হাজার ৪০০ মিটার এলাকাজুড়ে তৈরি করা হয় বাঁধ। তবে নির্মাণের পর প্রতিবছরই এই সুরক্ষা বাঁধ ভাঙনের মুখে পড়ে। এ বছর ভাঙন আরও তীব্র হয়েছে।

কয়েক দিনের অব্যাহত ভাঙনে সেতুর দক্ষিণ পাশের সুরক্ষা বাঁধটির প্রায় ২০০ মিটার নদীতে বিলীন হয়েছে। এমনকি সওজ ২০১৬-১৭ অর্থবছরে ১ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দিয়ে বালুর বস্তা ফেলার যে প্রকল্প বাস্তবায়ন করেছে, তা বাঁধ রক্ষায় তেমন কোনো কাজেই আসেনি। পাশের গ্রামের ভাঙন এখন সেতুর দিকে ধেয়ে আসছে। পাশের গ্রামগুলো রক্ষায় পাউবো আজ পর্যন্ত কোনো প্রকল্প বাস্তবায়ন করতে দেখেনি এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, সওজ বিভাগ এবং পাউবোর মধ্যে ঠেলাঠেলির কারণেই ওই এলাকায় ভাঙন এতটা ভয়ংকর আকার ধারণ করেছে। এতে হুমকির মুখে পড়েছে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ সেতুটি। এখনই ত্বরিত ব্যবস্থা না নেওয়া হলে যেকোনো সময় সেতুটি বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে পারে।

পাউবোর বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ বলেন, ‘আমার সঙ্গে এ নিয়ে স্থানীয় সাংসদের কথা হয়েছে। ভাঙনকবলিত এলাকায় আমরা জরুরি ভিত্তিতে কিছু কাজ করাব। ওখানে আপাতত বালুভর্তি বস্তা ফেলা হবে। এ জন্য ঠিকাদার নিয়োগের কাজ চলছে।’