
কীর্তিনাশা নদীর ভাঙনের কারণে শরীয়তপুর-চন্দ্রপুর-শিবচর সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। শরীয়তপুর সদর উপজেলার ওই সড়কের রাজগঞ্জ এলাকায় চারটি স্থানে ২০০ মিটার জায়গা ভাঙনের কবলে পড়েছে। ভাঙন প্রতিরোধ করে এখনই সড়কটি সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে যানবাহন চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা করছে এলাকার মানুষ।
ওই সড়কের ভাঙনপ্রবণ স্থানটি শরীয়তপুর পৌরসভার মধ্যে পড়েছে। ২০০০ সালে সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করেছে। আর নদীভাঙন রোধের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। সড়কটি সংস্কারে এখন কোনো দপ্তরই ভূমিকা নিচ্ছে না।
শরীয়তপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, শরীয়তপুর জেলা সদর থেকে শিবচর উপজেলা সদরে সহজে যাতায়াতের জন্য ২০০০ সালে সড়কটি নির্মাণ করা হয়। শরীয়তপুর পৌর এলাকার পালং বাজার থেকে চন্দ্রপুর বাজার হয়ে সন্তোষপুর পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ সড়ক শিবচর-মাদারীপুর সড়কের শিলারচর এলাকায় গিয়ে মিলেছে। এ সড়ক দিয়ে প্রতিদিন সদর উপজেলার সাতটি ইউনিয়নের মানুষ জেলা সদরে যাতায়াত করে।
কীর্তিনাশা নদীর তীর ভাঙনের কারণে ওই সড়কের চারটি স্থানে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ওই সড়কের বালুরঘাট থেকে রাজগঞ্জ বাজার পর্যন্ত চারটি স্থানে ২০০ মিটার জায়গা ভেঙে সরু হয়ে গেছে। তিন বছর ধরে নদীটির কিছু অংশ করে ভাঙলেও প্রতিরোধের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
শরীয়তপুর-চন্দ্রপুর-শিবচর সড়কের ব্যাটারিচালিত ইজিবাইকের চালক দিদারুল ইসলাম বলেন, তিন বছর যাবৎ নদীর তীর ভাঙছে, কিন্তু ভাঙন রোধে কেউ কোনো পদক্ষেপ নেয়নি। এখন সড়কটির ২০০ মিটার এলাকার ৮০ ভাগ ভেঙে গেছে। এখনই ভাঙন রোধ করে সড়কটির সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে পুরোপুরি ভেঙে যাবে।
রাজগঞ্জ গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, সড়কটি অনেক গুরুত্বপূর্ণ, প্রতি দিন কয়েক হাজার মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে। যেভাবে ভাঙছে তাতে বর্ষা মৌসুমে চারটি স্থানে সড়ক পুরোপুরি বিলীন হয়ে যাবে।
ট্রাকচালক মোসলেম সরদার বলেন, ‘ব্যবসায়ীদের মালামাল নিয়ে ওই পথে প্রতিনিয়ত যাতায়াত করছি। যখন ওই জায়গা দিয়ে গাড়ি নিয়ে যাই, তখন আর কলিজায় পানি থাকে না। কখন ট্রাক নিয়ে নদীতে পড়ে যাই, সব সময় এ আতঙ্কে থাকি।’
এলজিইডি শরীয়তপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, ‘সড়কটি এলজিইডি নির্মাণ করেছিল। ভাঙনপ্রবণ এলাকাটা পৌরসভার মধ্যে পড়েছে। আর নদীর ভাঙন রোধ করার দায়িত্ব পাউবোর। এ দুটি সমস্যার কারণে ওই সড়কে এই মুহূর্তে আমরা কিছু করতে পারছি না।’
শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, নদীভাঙন রোধ করে সড়ক সংস্কার করা অনেক ব্যয়বহুল। পৌরসভায় এই মুহূর্তে এত বড় প্রকল্প বাস্তবায়ন করার পরিস্থিতি নেই।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য বলেন, সড়কটি সংস্কার এলজিইডি অথবা পৌরসভার করতে হবে। ওই স্থানে ভাঙন রোধ করার মতো কোনো বরাদ্দ শরীয়তপুর কার্যালয়ে নেই। শহর রক্ষা বাঁধ নির্মাণের একটি প্রকল্প প্রস্তাব পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে ওই স্থানের ভাঙন রোধ করা সম্ভব হবে।