নদীভাঙনের শিকার সহস্রাধিক পরিবার খোলা আকাশের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক মাস ধরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে পদ্মা নদীর অব্যাহত ভাঙনে সহস্রাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। বিশুদ্ধ খাবার পানি ও শৌচাগারের অভাবে তারা বিপাকে পড়েছে।
গত রোববার সরেজমিনে দেবগ্রাম ইউনিয়নের চর বরাট এলাকায় দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের পাশাপাশি গবাদিপশু এবং ঘরের সরঞ্জামাদি।
নদীর পাড়েই একটি পরিবারের প্রায় ১৫-১৬ জন সদস্য খাওয়াদাওয়া করছিলেন। তাঁদের কয়েকজন জানান, শনিবার দুপুরে বসতঘর ভেঙে নদীর পাড়ে এসে আশ্রয় নিয়েছেন। জমিজমা সবই নদীতে চলে গেছে। এখন রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া রেললাইনের পাশে আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
চর দেলন্দি থেকে চার দিন আগে এখানকার পাঁচ কাঠা জমি পাঁচ বছরের জন্য ১৭ হাজার টাকায় ইজারা নিয়ে আশ্রয় নিয়েছেন নাসির গায়ান (৪০)। তিনি জানান, নিজেদের জমি, ঘরবাড়ি হারিয়ে এখন অন্যের জায়গায় আশ্রয় নিতে হচ্ছে।
দেবগ্রামের তেনাপচা রাস্তার পাশে নিজের সাড়ে সাত বিঘা জমিতে নামমাত্র টাকার বিনিময়ে ৫৩টি পরিবারকে আশ্রয় দিয়েছেন দেবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পিয়ার আলী মৃধা। কিন্তু সেখানে শৌচাগার ও নলকূপের অভাবে লোকজনের সমস্যা হচ্ছে।
দেবগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য গিয়াস উদ্দিন বলেন, বর্তমানে তাঁর ওয়ার্ডে বাঘাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবগ্রাম কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মসজিদ রয়েছে। যেকোনো মুহূর্তে এগুলোও নদীতে চলে যাবে। দ্রুত নদীভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নেওয়া হলে কয়েক বছরে দেবগ্রাম ইউনিয়ন নিশ্চিহ্ন হয়ে যাবে।
দেবগ্রাম ইউপি চেয়ারম্যান আতর আলী সরদার জানান, ইউনিয়নের ৩ ও ৫ নম্বর ওয়ার্ড নিশ্চিহ্ন হয়ে গেছে। এ ছাড়া ১ নম্বর ওয়ার্ড পানির নিচে। ২ নম্বর ওয়ার্ডের ৮০ ভাগ, ৪ নম্বর ওয়ার্ডের এক-তৃতীয়াংশ, ৬ নম্বর ওয়ার্ডের অর্ধেক বিলীন হয়ে গেছে। এসব ওয়ার্ড থেকে গত এক মাসে এক হাজার ৪০০ পরিবার বসতভিটা হারিয়ে রাস্তার ধারে, অন্যের জমিতে খোলা আকাশের নিচে বসবাস করছে। ক্ষতিগ্রস্ত ৩৬৭টি পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল, ২০টি পরিবারের মধ্যে রিংস্লাব ও চারটি নলকূপ দেওয়া হয়েছে, যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছরোয়ার হোসেন বলেন, ভাঙন প্রতিরোধে জেলা প্রশাসকের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পাউবো গোয়ালন্দের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী কাজী কবিরুল ইসলাম বলেন, নির্বাহী প্রকৌশলীসহ আমি সর্বশেষ গত শুক্রবার ভাঙন এলাকা ঘুরে গেছি। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে অবগত করেছেন।