চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবন নদীভাঙনের হুমকিতে পড়েছে। ভবনের দক্ষিণ-পূর্বাংশের প্রায় ৩০ মিটার সম্প্রতি নদীতে বিলীন হয়ে গেছে। নদীর তীর সংরক্ষণ না করে ভবন নির্মাণ করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায় গতকাল বৃহস্পতিবার সকালে মুঠোফোনে বলেন, সেখানে সাময়িকভাবে বাঁশের খুঁটির বেড়া দিয়ে ও মাটির বস্তা ফেলে ভাঙন রোধ করা হয়েছে। ভবিষ্যতে নদীর পাশে স্থায়ী দেয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
চাঁদপুর গণপূর্ত বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২ কোটি ৭৬ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে মেসার্স বিজনেস অ্যাসোসিয়েশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভবন নির্মাণ করছে। নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। ২০১৬-১৭ অর্থবছরে এই কাজ শুরু করা হয়। চলতি মাসেই ভবনটি ব্যবহারের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
সরেজমিনে দেখা গেছে, ভবনের একটি অংশের কয়েক হাত দূরেই ডাকাতিয়া নদী। সম্প্রতি ভবন থেকে তিন-চার ফুট দক্ষিণের কিছু অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। ভবনের পাশে সোনাপুর সেচ প্রকল্প। সেচ প্রকল্পের লোকজন বালু ও কংক্রিটের বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন।
বেততোলা গ্রামের আবদুল মান্নান জানান, নবনির্মিত ভবনের পাশেই সোনাপুর সেচ প্রকল্প অবস্থিত। এই স্থানটি নদীর মোড় হওয়ায় সেচপাম্প ব্যবহারের কারণে নদীর তলদেশে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। মাটির ধস ঠেকাতে হলে নদীর পাড়ে স্থায়ীভাবে গাইড ওয়াল নির্মাণ করতে হবে। নতুবা ভাঙন ভয়াবহ আকার ধারণ করতে পারে।
উঘারিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. মোশারফ হোসেন ভূঁইয়া জানান, বর্তমানে তদন্ত কেন্দ্রে কর্মকর্তাসহ ২৫ জন কনস্টেবল কর্মরত আছেন। তাঁরা চিতোষী পূর্ব ইউনিয়ন কার্যালয়ে থাকেন। নতুন ভবন এখনো তাঁদের কাছে হস্তান্তর করা হয়নি। ভবনে যাওয়ার কোনো রাস্তা নির্মাণ করা হয়নি। একটি বাড়ির মাঝখান দিয়ে ভবনে যেতে হয়। ভবনটি সংরক্ষণের জন্য ভবিষ্যতে নদীর পাড় সংরক্ষণ ও রাস্তা তৈরি দুটি কাজই করতে হবে।
এসব বিষয়ে চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘গত বুধবার সরেজমিনে ভবনটি পরিদর্শন করেছি। মূলত পাশের সেচ প্রকল্পের কারণেই ভাঙন দেখা দিয়েছে। তবে এটি বিরাট কোনো সমস্যা নয়। নদীর পাড়ে স্থায়ীভাবে গাইড ওয়াল তৈরি করে দিলে ভাঙন রোধ হবে।’ তিনি আরও বলেন, চলতি মাসেই ভবনটি ব্যবহারের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে।