নদীভাঙনের 'মাটিচাপায়' তিন ভাইয়ের মৃত্যু
নোয়াখালীর হাতিয়ার কেরিংচরের কোল্ডস্টোর বাজারের কাছে মেঘনা নদীর তীর থেকে গতকাল মঙ্গলবার তিন ভাইয়ের মাটিচাপা লাশ উদ্ধার করা হয়েছে। নদীভাঙনের মাটি চাপা পড়ে তারা মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
শিশু তিনটি হলো কেরিংচরের মো. হাসানের ছেলে মো. রিয়াজ (১১), মো. রিহাদ (৮) ও মো. রাহাদ (৭)।
শিশু তিনটির চাচা আনোয়ার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত সোমবার সকালে তাঁর তিন ভাতিজা বাড়ি থেকে অল্প দূরে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। তিনি জানান, গতকাল দুপুর ১২টার দিকে মো. ফরাজী নামের এক ব্যক্তি নদীর তীরে মাটি চাপা পড়া শিশুর মাথা বের হয়ে থাকতে দেখেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁর তিন ভাতিজার লাশ উদ্ধার করে।
স্থানীয় লোকজনের ধারণা, গত সোমবার প্রবল বৃষ্টির সময় ওই তিন ভাই নদীভাঙনের কারণে সৃষ্ট ফাঁকা জায়গায় আশ্রয় নিয়েছিল। সে সময় মাথার ওপরের মাটি ভেঙে পড়লে তারা চাপা পড়ে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, কেরিংচরে মেঘনার ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে বাড়িঘর ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাবে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হুদা প্রথম আলোকে জানান, ঘটনা শোনার পরই ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।