নদীর অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিপক্ষীয়সহ বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যকার অভিন্ন পরিবেশগত সমস্যার সমাধান করতে হবে। অভিন্ন নদীগুলোর পানির সুষ্ঠু ব্যবহারের জন্য অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তোলা প্রয়োজন।‘বাংলাদেশ ও ভারতের অভিন্ন পরিবেশগত সমস্যাদি ও তার সমাধানে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় গতকাল বক্তারা এসব কথা বলেছেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশে আসন্ন সফর উপলক্ষে রাজধানীর পল্টনে মুক্তি ভবনে এই সভার আয়োজন করে।সভায় বক্তারা দুই দেশের মধ্যে অভিন্ন নদীগুলোর পানির সুষ্ঠু ব্যবহারের জন্য অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান। অর্থাৎ বৃহৎ নদীগুলোর অববাহিকায় যে দেশগুলোর অবস্থান, তাদের সবাইকে নিয়ে একটি আঞ্চলিক ব্যবস্থাপনা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তাঁরা। ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৭টি আন্তসীমানা নদী আছে, যার ৫৪টির উৎসই ভারতে।বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাংসদ হাসানুল হক ইনু বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের পরিবেশগত সমস্যার সমাধানে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক আলোচনার মাধ্যমে এগোতে হবে। মুখে বন্ধুত্ব আর অন্তরে শত্রুতা না রেখে মনমোহনের আসন্ন সফরের মাধ্যমে এর সূত্রপাত ঘটাতে হবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশে আলু রপ্তানি করতে চাচ্ছেন, আর বিনিময়ে ইলিশ মাছ আমদানি করতে চাচ্ছেন। বাংলাদেশের রাজনীতিবিদদের আলু আর ইলিশের পার্থক্য বুঝতে হবে।সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ভারতের ভাবা উচিত, বাংলাদেশের কোনো সমস্যা হলে এর চাপ তাদের ওপরও পড়বে। কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, এমন কোনো চুক্তি হওয়া উচিত না, যাতে মনে হয় আওয়ামী লীগ ও কংগ্রেসের মধ্যে চুক্তি হচ্ছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আসিফ নজরুল পানিবণ্টন নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার ভারত সফরের প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন, ‘এই আলোচনায় পানিসম্পদমন্ত্রী নেই কেন? তার মানে তিনি কি অযোগ্য?’ সভায় মূল বক্তব্যে বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, গঙ্গার ওপর ফারাক্কা ও তিস্তার ওপর গজলডোবা ব্যারাজ পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছে। দুধকুমারী, খোয়াই, সোমেশ্বরী, মনু, গোমতী, মুহুরী ও ধরলা নদীর উজানেও ভারতীয় অংশে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এই সমস্যাগুলো সমাধানের ব্যাপারে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে আলোচনার তাগিদ দেন তিনি।