নদীর চর দখল করে চিংড়িঘেরের বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের রাজঘাটের পূর্ব পাশে কুহেলীয়া নদীর চর দখল করে চিংড়িঘের তৈরি করা হচ্ছে। ছবিটি গত মঙ্গলবার তোলা l প্রথম আলো
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের রাজঘাটের পূর্ব পাশে কুহেলীয়া নদীর চর দখল করে চিংড়িঘের তৈরি করা হচ্ছে। ছবিটি গত মঙ্গলবার তোলা l প্রথম আলো

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের রাজঘাটের পূর্ব পাশে কুহেলীয়া নদীর চর দখল করে চিংড়িঘের তৈরি করা হচ্ছে। শতাধিক শ্রমিক দুই সপ্তাহ ধরে চর এলাকার প্রায় ৪০ একর জমিতে মাটি দিয়ে বাঁধ দিচ্ছেন। অভিযোগ উঠেছে, এর নেপথ্যে রয়েছেন মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে এম জাহাঙ্গীর বাদশাহ।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, রাজঘাটের পূর্ব পাশে চিংড়িঘেরের ভাঙা বেড়িবাঁধের কারণে জোয়ারের পানি ঢুকে চালিয়াতলী-মাতারবাড়ী সড়কের বিভিন্ন স্থানে ভেঙে যাচ্ছে। কয়েকবার সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও জোয়ারের পানির কারণে সড়কটি রক্ষা করা সম্ভব হয়নি। পরে এ কে এম জাহাঙ্গীর বাদশাহর আবেদনের পরিপ্রেক্ষিতে চিংড়িঘেরের বাঁধ সামান্য সরিয়ে পুনর্নির্মাণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সুপারিশ করেছিলাম। কিন্তু এখন তিনি (জাহাঙ্গীর) ভাঙা বেড়িবাঁধ মেরামত না করে নদীর চর দখল করে বাঁধ নির্মাণ করছেন। এর ফলে নদীর নাব্যতা হারিয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে।
জাহাঙ্গীর বাদশাহ বলেন, ‘ইউএনওর অনুমতি নিয়ে সরকার থেকে ইজারা নেওয়া প্রায় ৪০ একর জমিতে চিংড়ি চাষের জন্য বাঁধ নির্মাণ করছি। নদী বা চর দখল করার প্রশ্নই ওঠে না।’
গত মঙ্গলবার বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, রাজঘাটের পূর্ব পাশে কুহেলীয়া চ্যানেলের নদীর চর এলাকায় শতাধিক শ্রমিক বাঁধ নির্মাণকাজে ব্যস্ত। তাঁরা পার্শ্ববর্তী জমি থেকে মাটি এনে চর এলাকায় বাঁধ নির্মাণ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, দিনে তাঁরা ৩০০ টাকা পাচ্ছেন। জাহাঙ্গীর বাদশাহর কাজে তাঁরা এসেছেন।
মাতারবাড়ী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ বলেন, ‘মঙ্গলবার সকালে চর এলাকায় গিয়ে বাঁধ নির্মাণ না করতে শ্রমিকদের নিষেধ করা হয়েছিল। কিন্তু তাঁরা নিষেধ না মেনে কাজ করছেন। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহকারী কমিশনারকে (ভূমি) অনুরোধ করেছি।’
সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ বলেন, চর এলাকাটি নদীর শ্রেণিভুক্ত জমি। এ জমি ইজারা দেওয়ার কারও এখতিয়ার নেই। এরপরও কেউ ভুল তথ্য দিয়ে জমি ইজারা নিয়ে থাকলে তা বাতিল করার জন্য জেলা প্রশাসকের কাছে সুপারিশ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘ইজারা দেওয়া জমিতে চিংড়ি চাষের জন্য বাঁধ নির্মাণের অনুমতি দিয়েছি। নদী বা চর দখল করার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। এলাকায় খোঁজখবর নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’