নদীর চর দখল করে মেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সুরমা নদীর চর দখল করে মেলার আয়োজন করেছেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। প্রশাসনের কোনো অনুমতি না নিয়েই এভাবে নদী দখল করায় পরিবেশবাদীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের আশঙ্কা, এতে করে দখল-দূষণে নদী বিপর্যস্ত হয়ে পড়বে। সিলেট নগরের ছড়ারপাড় এলাকার সুরমা নদীতে কয়েক মাস আগে কয়েক কিলোমিটারব্যাপী একটি চর জেগে উঠেছে। এ চরে গত কয়েক দিনে ‘মাছরাঙা সাহিত্য সংসদ’ নামের একটি সংগঠনের আড়ালে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বাঁশ ও টিন দিয়ে বেড়া নির্মাণ করেছেন। সরেজমিনে দেখা গেছে, ওই বেড়ার ভেতরে ২৫টি দোকান এবং একটি মঞ্চ ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে। আরও বেশ কিছু দোকান স্থাপিত হবে বলে মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। এ ছাড়া কয়েকজন শ্রমিককে নদীর মাটি কেটে স্থাপনা নির্মাণ করতে দেখা গেছে। মেলার আয়োজক সূত্রে জানা যায়, আগামী মার্চ মাস থেকে নদীর চরে ‘স্বাধীনতার মেলা’ উদ্যাপনের জন্য অনুমতি চেয়ে স্থানীয় পুলিশে আবেদন করা হয়েছে। তবে পুলিশ এখনো মেলা আয়োজনের কোনো অনুমতি দেয়নি বলেও আয়োজকেরা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, নদীর চরে মেলার আয়োজন করায় তাঁরা নদীর পানি ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছেন। প্রশাসনের অনুমতি পাওয়ার আগেই কেন নদীর চর দখল করে স্থাপনা নির্মাণ করেছেন—এমন প্রশ্নের জবাবে মেলার কর্মসূচি ব্যবস্থাপক শামীম আহমদ বলেন, ‘পুলিশের কাছে অনুমতি চেয়েছি, অনুমোদনটি প্রসেসিংয়ের মধ্যে (প্রক্রিয়াধীন) রয়েছে। তাই স্থাপনা নির্মাণ করেছি। অনুমতি পেলে মেলা করব, নতুবা করব না।’ স্থানীয় কয়েকজন পরিবেশবাদী বলেন, নদীর মধ্যে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি, নদীর পানির গতিপথ পরিবর্তন, নদীতে বালু ফেলা সবকিছুই পরিবেশ আইনানুযায়ী গুরুতর অপরাধ। সিলেট কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, ‘নদীর চরে মেলা আয়োজনসংক্রান্ত কোনো আবেদন আমরা পাইনি। পুলিশ খোঁজ নিয়ে কার্যকর পদক্ষেপ নেবে।’ সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হাবীব বলেন, ‘নদীর ক্ষতি করে এ ধরনের মেলা আয়োজনে কোনো অনুমতি জেলা প্রশাসন দেয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’