নদীর জন্য সাইকেল রাইড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর জন্য সাইকেল রাইড করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথার মদুনাঘাট এলাকায় হালদা নদীর পার পর্যন্ত এই রাইড অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে এই সাইকেল রাইডের আয়োজন করে অলাভজনক সংস্থা রিভারাইন পিপল ও চিটাগাং ইউনিভার্সিটি সাইক্লিস্ট।
এ রাইডে অংশ নেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহজুবীন সুচি প্রথম আলোকে বলেন, ‘আমরা বাংলাদেশের নদীগুলো রক্ষার জন্য এ সাইকেল রাইডে অংশগ্রহণ করেছি। এতে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। আমরা চাই আমাদের সাইকেল যাত্রা দেখে মানুষ নদী সম্পর্কে সচেতন হোক। আমাদের নিজেদের জন্যই আমাদের দেশের নদীগুলো রক্ষা করতে হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক হাসান তৌফিক ইমাম বলেন, ‘নদী রক্ষায় মানুষের সচেতনতা বৃদ্ধিতে আমি এই সাইকেল রাইডে অংশ নিয়েছি। নদীর গতিপথের ক্ষতি হয় বা নদীর জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে।’
রিভারাইন পিপলের পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সুদীপ্ত শর্মা প্রথম আলোকে বলেন, ‘নদীর প্রতি সচেতনতা নদীকৃত্য দিবসের মূল বিষয়। নদীগুলো হারিয়ে গেলে আমাদের পরিবেশ তথা নিজেদেরই ক্ষতি। তাই দেশের সবাইকে তথা চট্টগ্রামবাসীকে নদী রক্ষায় সচেতন করতেই আমাদের আজকের এই সাইকেল রাইড।’
১৯৯৭ সালে বিশ্বব্যাপী নদীকৃত্য দিবস পালন শুরু হয়।