নির্মাণকাজ বন্ধ করার তিন মাস পর নওগাঁর বদলগাছি উপজেলার জাবারীপুর হাটে ছোট যমুনা নদীর সিসি ব্লক সরিয়ে ফের দোকানঘর নির্মাণ শুরু হয়েছে। এ ঘটনায় নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে কৌশিক, রাজু, নয়ন ও রাজ্জাক নামের চার ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ আছে, পাউবোর শাখা কর্মকর্তা শাহাদত হোসেন ও কার্যসহকারী হাবিবুর রহমানকে ম্যানেজ করে দোকানঘর নির্মাণ শুরু হয়। পরে স্থানীয় লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে পাউবোর নির্বাহী প্রকৌশলীর নির্দেশে হাবিবুর রহমান কাজ বন্ধ করতে গিয়ে দখলদারদের তোপের মুখে পড়েন।
সরেজমিনে দেখা গেছে, জাবারীপুর হাটের পূর্বদিকে ছোট যমুনা নদীর সিসি ব্লক সরিয়ে ফাঁকা জায়গায় আরসিসি পিলার নির্মাণের কাজ করছেন শ্রমিকেরা। ঘরগুলো কে নির্মাণ করছেন—এমন প্রশ্নে শ্রমিকেরা বলেন, ইউপি চেয়ারম্যান আবদুর রহমানকে জিজ্ঞেস করেন। সাংবাদিক পরিচয় পেয়ে এক ব্যক্তি নিজের নাম কানাই চন্দ্র পরিচয় দিয়ে বলেন, তিনি আওয়ামী লীগ করেন এবং ইউপি চেয়ারম্যান আবদুর রহমানের ঘনিষ্ঠ কর্মী। চেয়ারম্যান চার ছেলেকে দোকানঘর নির্মাণের জায়গা দিয়েছেন। আগের চেয়ারম্যানের আমলেও এখানে সাতটি ঘর হয়েছে।
পাউবোর কার্যসহকারী হাবিবুর রহমান বলেন, ‘গত শনিবার পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু কাজ বন্ধ করতে পারিনি। মথুরাপুর ইউপি চেয়ারম্যান আবদুর রহমানের নির্দেশে কৌশিক, রাজু, নয়ন ও রাজ্জাক ফের এ কাজটি করছেন। তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’
নির্মাণকাজ বন্ধ করতে গেলে আপনার কাছে কেউ টাকা ফেরত চেয়েছিলেন কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে টাকা ফেরত চেয়েছিল। কিন্তু আমি তো তাঁদের কাছ থেকে কোনো টাকাপয়সা নিইনি।’
শাখা কর্মকর্তা শাহাদত হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। কৌশিক বলেন, ‘আমরা কেউ দোকানঘর নির্মাণের কাজ করিনি। কে কাজ করছেন সেটি ইউপি চেয়ারম্যান ভালো জানেন।’
ইউপি চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ‘আমি নিজে দোকানঘর করছি না। কাউকে দোকানঘর নির্মাণের নির্দেশও দিইনি। পাউবোর লোকজনকে ম্যানেজ করে আগেও সেখানে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করা হয়েছে। এখন একইভাবে দোকানঘর নির্মাণ হচ্ছে। পাউবোকে সব দোকানঘর উচ্ছেদ করতে বলেছি।’
নওগাঁর পাউবোর নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনার সঙ্গে পাউবোর কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’