নদীর জায়গায় দেড় শতাধিক বাড়িঘর
খুলনার তেরখাদা উপজেলার গোয়াড়া প্রাথমিক বিদ্যালয় থেকে শেখপুরা গ্রামের শেষ সীমানা পর্যন্ত আঠারোবেকি নদীর জায়গায় দেড় শতাধিক ঘরবাড়ি তৈরি করা হয়েছে।গত বুধবার সরেজমিনে দেখা গেছে, প্রায় দুই কিলোমিটার এলাকায় কোথাও নদীর মধ্যে, আবার কোথাও নদীর পাশে আধাপাকা বাড়ি তৈরি করা হয়েছে। শিয়ালি খেয়াঘাটের সামনে নতুন পাঁচটি বাড়ি নির্মাণের জন্য মাটি কাটার কাজ চলছে। এই বাড়িগুলো নদীর পানিপ্রবাহ থেকে মাত্র পাঁচ হাত দূরে। খেয়াঘাট এলাকায় ঘাট থেকে উত্তর দিকে গাজিরহাট পর্যন্ত প্রায় ১০০ গজ দীর্ঘ একটি কাঁচা সড়ক তৈরি করা হয়েছে। এই সড়কের মাঝ বরাবর নদীর পানি চলাচলের জন্য কাঠ দিয়ে তৈরি করা হয়েছে একটি কালভার্ট। শেখপুরা গ্রামের মো. ইদ্রিস গাজী বলেন, ‘আমরা এই ঘরের মালিক না। আমরা শ্রমিকির কাজ করতিছি। যারা ঘর বান্ধেতেছে, তারা সব ইউএনওর কাছে গেছে এই জায়গায় ঘর তুলার জন্যি অনুমতি আনতি। ইউএনও সবাইরি আজ ছবি নিয়ে যাতি কয়ছে।’জানা গেছে, বছর খানেক আগে শিয়ালি খেয়াঘাটের ইজারাদার নদীর দুই পাশে অল্প অল্প করে বাঁধ দিয়ে রাস্তা তৈরি শুরু করেন। নদীর মধ্যে কাঠ দিয়ে একটি কালভার্ট তৈরি করে তার ওপর দিয়ে রাস্তা করা হয়েছে। উপজেলা প্রশাসন শুকিয়ে যাওয়া নদীর জায়গা ঘরবাড়ি তৈরির জন্য ইজারা দিয়েছে। আঠারোবেকি নদী খনন কমিটির আহ্বায়ক খান বজলুর রহমান বলেন, ‘নদী শুকিয়ে যাওয়ায় ভূতিয়ার বিল, নরনিয়ার বিল, কোলা বিলের মতো আরও তিন-চারটি বিলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে কয়েক হাজার হেক্টর জমি বছরের অধিকাংশ সময় তলিয়ে থাকে। আমরা যখন এই নদী খননের জন্য আন্দোলন করছি, সাংসদ তখন নদীর মধ্যে বাঁধ দিয়ে রাস্তা তৈরির অনুমতি দিয়েছেন। আর ইউএনও নদীর মধ্যে বাড়ি করার অনুমতি দিয়ে নদীর পানিপ্রবাহ বন্ধ করেছেন, যা অত্যন্ত দুঃখজনক।’ঘাট ইজারাদার টুটুল গাজী বলেন, ‘খুলনা জেলা পরিষদের কাছ থেকে আমি ঘাট ইজারা নিছি। নদী শুকোয়ে যাচ্ছিল, এতে মানুষের সমস্যা হচ্ছিল, তাই রাস্তা তৈরি করে দিছি। কারও কাছেতে কোনো অনুমতি নেইনি। তবে একদিন এমপি এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখে বললেন, যখন মাটি কাটা হয়ে গেছে, তখন আর কী করবা। আমি এই রাস্তায় ইটের ব্যবস্থা করে দিবানে।’সাংসদ মোল্লা জালালউদ্দিন বলেন, ‘নদীর ক্ষতি হয় এমন কাজে আমার কোনো মত থাকতে পারে না। আমি কখনো ইট বসিয়ে দেওয়ার কথা বলিনি। তারা বাঁচার তাগিদে আমার কথা বলতে পারে।’তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুল আলম বলেন, ‘১০০ জনের মতো কৃষককে এই চর ইজারা দেওয়া হয়েছে। আমি নদীর চরের দখল বজায় রাখতে এক বছরের জন্য ইজারা দিয়েছি। এই জমিতে কেউ ঘরবাড়ি নির্মাণ করলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’ খুলনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুর রব হাওলাদার বলেন, ‘এক বছরের জন্য চর ইজারা দেওয়ার নিয়ম আছে, কিন্তু ঘরবাড়ি তোলা অবৈধ।’