নদীর জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা পৌর এলাকায় প্রভাবশালী কয়েকজন হিসনা নদীর জায়গায় বিভিন্ন স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে।এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে গত বুধবার সকালে এলাকাবাসী মানববন্ধন করেছেন। শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, হিসনা নদীর এক পাশে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলশুকা-ভবানীপুর এলাকা। এর বিপরীত দিকে ৭ নম্বর ভেড়ামারা পৌর মধ্যবাজার এলাকা। নদীর প্রস্থ প্রায় ১৫০ ফুট। মধ্যবাজার এলাকা থেকে প্রায় এক কিলোমিটার বিস্তৃত এই নদীর বুকে মাটি ফেলে ভরাটের কাজ চলছে। ইতিমধ্যে চারটি স্থানে ইমারত নির্মাণের কাজ চলছে। তিনটি স্থানে মাটি ভরাট করে কলাগাছ লাগানো হয়েছে। কয়েকটি স্থানে বাঁধ দিয়ে মাটি ভরাটের কাজ চলছে। পাশে নামকাওয়াস্তে ১০-১২ ফুট নালার মতো জায়গা রাখা হয়েছে। নদী ভরাট করায় নদীর এক পাশে পানি জমা হয়ে রয়েছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দুই মাস ধরে বাঁধ দিয়ে পানি সেচে সেখানে মাটি ভরাটের কাজ চলছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন, ভেড়ামারা পৌর এলাকার মাসুদ পারভেজ, আবদুল হান্নান, এনামুল হকসহ কয়েকজন এই মাটি ভরাট করছেন। ধরমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরমান আলী বলেন, মাটি ভরাটের কারণে কয়েক হাজার মানুষ সমস্যায় পড়বে। স্থানীয় জিয়াউল ইসলাম বলেন, পৌর এলাকার পয়োনিষ্কাশনের ৩৩টি নালার সংযোগ এই হিসনা নদীতে রয়েছে। হিসনা ভরাট হলে বর্ষার সময় পৌরসভার ময়লা-আবর্জনা উপচে বিলশুকা গ্রাম নিমজ্জিত হবে।ফারুক হোসেন বলেন, ‘নালার পাড়ে আমাদের ব্যক্তিমালিকানা জমি। তার পরও জনগণের সুবিধার জন্য পৌরসভার পানি বের হতে নালা আকৃতির কিছু অংশ ছেড়ে মাটি ভরাট করা হচ্ছে।’ মাসুদ পারভেজ বলেন, ‘সম্পূর্ণ ব্যক্তিমালিকানা জমিতে মাটি ভরাট করা হচ্ছে। পানি নিষ্কাশনের জন্য কিছু জায়গা ছেড়ে দেওয়া আছে।’ এনামুল হকের ছেলে স্বর্ণ জায়গাটি নিজেদের দাবি করে বলেন, মাটি ভরাট করে সেখানে গোডাউন করা হবে। পৌর মেয়র শামীমুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।ভেড়ামারার ইউএনও রাজিবুল ইসলাম বলেন, পানি নিষ্কাশনের জন্য ৫৫ ফুট চওড়া নালা রাখা হয়েছে। এর বাইরে যাঁদের ব্যক্তিমালিকানা জমি রয়েছে, তাঁরা স্থাপনা তৈরি করছেন। এ ক্ষেত্রে প্রশাসনের কিছুই করার নেই। ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাদ জাহান প্রথম আলোকে বলেন, ‘আমি নিজে নদীর পাড় পরিদর্শন করেছি। এলাকা জরিপ করা হচ্ছে। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্থাপনা নদীর মধ্যে পড়ে থাকে, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’