নদীর জ্ঞান ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় ছিল, যখন দেশে নদীবিষয়ক পরামর্শের জন্য বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানকে ডেকে আনতে হতো। তাদের পরামর্শে দেশের নদীর ব্যবস্থাপনার পরিকল্পনা করত সরকার। সেই চিত্র বদলে গেছে। এশিয়ার বিভিন্ন দেশ এখন বাংলাদেশের দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ধার করছে নদীবিষয়ক জ্ঞান, কৌশল ও পরামর্শ।

প্রতিষ্ঠান দুটির নাম সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)। দুটি সংস্থাই সরকারের পানি উন্নয়ন বোর্ডের ট্রাস্টি গবেষণা প্রতিষ্ঠান।

বদ্বীপ অঞ্চলের অস্থির নদ-নদীর গতি-প্রকৃতি পর্যবেক্ষণ, ভাঙনের পূর্বাভাস দেওয়া ও বন্যা-ব্যবস্থাপনায় বিশেষ দক্ষতা অর্জন করেছে এই প্রতিষ্ঠান দুটি। তাদের ভাঙনের পূর্বাভাস বেশ কিছুদিন ধরেই সরকার ব্যবহার করছে এবং দরকারি পদক্ষেপ নিচ্ছে।

এবার নেপাল ও ভারতের বিহার রাজ্য দিয়ে প্রবাহিত খরস্রোতা কোশি নদীর কোথায় কী পরিমাণে ভাঙন হতে পারে, তার পূর্বাভাস
দিচ্ছে সিইজিআইএস। এই পূর্বাভাসকে ব্যবহার করে বিহার রাজ্য সরকার নদীটির সম্ভাব্য ভাঙনপ্রবণ এলাকায় অবকাঠামো নির্মাণে আগাম ব্যবস্থা নিচ্ছে। ওই এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ভাঙন প্রতিরোধে তারা উদ্যোগ নিয়েছে। এ ছাড়া চলতি মাসে আসাম রাজ্য সরকারও সিইজিআইএসকে ব্রহ্মপুত্র নদের ভাঙন পূর্বাভাস দেওয়ার দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছে।

এ ছাড়া বিহার রাজ্য সরকার চলতি মাসেই বাংলাদেশের এ দুটি প্রতিষ্ঠানকে পাটনায় পানিব্যবস্থাপনা-বিষয়ক একটি সংস্থা গড়ে তোলার দায়িত্ব দিয়েছে। ইনস্টিটিউট অব ম্যাথমেটিক্যাল মডেলিং নামের ওই সংস্থা গড়ে তোলার জন্য বাংলাদেশি সংস্থা দুটি ভারতের নদী বিশেষজ্ঞ, পরিবেশবিদ ও প্রকৌশলীদের প্রশিক্ষণ দেবে এবং নদী পর্যবেক্ষণ ও ভাঙনের পূর্বাভাস তৈরির পদ্ধতি তৈরি করে দেবে।

নদী ও পানিবিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, ফ্রান্স, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও হল্যান্ডে এই মানের প্রতিষ্ঠান থাকলেও সেগুলো বেসরকারি মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান। সেগুলো অর্থের বিনিময়ে পরামর্শ দেয়। কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠান দুটি সরকারি এবং অলাভজনক।

এ ব্যাপারে জানতে চাইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশে এ ধরনের প্রতিষ্ঠান আছে, এটা দেশের জন্য গর্বের ব্যাপার। এ রকম প্রতিষ্ঠান খুব বেশি দেশে নেই।’

আইডব্লিউএম এর আগে নেপাল, মালয়েশিয়া ও তাজিকিস্তানে নদী ও বন্যা-ব্যবস্থাপনার বিষয়ে পরামর্শক হিসেবে কাজ করেছে। এই সংস্থার করে দেওয়া গবেষণা ও সমীক্ষাকে আমলে নিয়ে ওই দেশগুলোর সরকার বড় বড় প্রকল্প ও উদ্যোগও নিয়েছে।

এ ব্যাপারে আইডব্লিউএমের বন্যা-ব্যবস্থাপনা বিভাগের পরিচালক সোহেল মাসুদ প্রথম আলোকে বলেন, ‘আমরা যেসব দেশে কাজ করেছি, সেখানে আমাদের কাজ প্রশংসিত হয়েছে। ফলে ওই দেশগুলোর সরকার তাদের অন্যান্য নদী ও প্রকল্পের গবেষণার কাজ করতে আহ্বান জানিয়েছে।’

ভাঙনের পূর্বাভাস

নদীভাঙনের পূর্বাভাস দেওয়ার কৌশল ও প্রযুক্তিটি সিইজিআইএসের নিজেদের উদ্ভাবন। ২০০৫ সাল থেকে তারা বাংলাদেশের প্রধান তিনটি অববাহিকা পদ্মা, যমুনা ও মেঘনার ভাঙনের পূর্বাভাস দিচ্ছে। পূর্বাভাস দেওয়ার এই পদ্ধতিও তাদের নিজেদের উদ্ভাবিত। ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠানটি ওই তিন অববাহিকার নদীর স্রোতের ধরন, দুই পাড়ের মাটির ভূমিরূপ, বৃষ্টিপাত ও তাপমাত্রার তথ্য বিশ্লেষণ করেছে। ওই অববাহিকাগুলোর উপগ্রহ থেকে নেওয়া আগের ও বর্তমান আলোকচিত্র নিয়েছে। এসব তথ্য ও ছবি একটি পদ্ধতি ব্যবহার করে তারা ওই ভাঙনের পূর্বাভাস দেওয়ার পদ্ধতি তৈরি করেছে।

সিইজিআইএস ১৩ বছর ধরে বাংলাদেশের প্রধান নদ-নদীগুলোর ভাঙনের পূর্বাভাস দিয়ে আসছে। পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি সংস্থা ওই পূর্বাভাস ব্যবহার করে নদীভাঙন রোধে নিয়মিত উদ্যোগও নিচ্ছে। তা ছাড়া যেসব এলাকায় ভাঙনের আশঙ্কা আছে, সেসব এলাকায় গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ থেকে বিরত থাকছে সরকারের সংস্থাগুলো। এতে গ্রামীণ অবকাঠামো খাতে অপচয় কমছে।

এ বছর থেকে বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক এই পূর্বাভাসকে স্থানীয় পর্যায়ের জনগণের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।

ভাঙন পূর্বাভাস-ব্যবস্থার এই পদ্ধতির অন্যতম উদ্ভাবক সিইজিআইএসের ড. মমিনুল হক সরকার এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘বিহার রাজ্য সরকারের তরফ থেকে সিইজিআইএসের পূর্বাভাসকে আমলে নিয়ে কোশি নদী-তীরবর্তী বেশ কিছু স্থাপনা রক্ষায় উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের কোশিসহ অন্য নদীগুলোর ভাঙনের পূর্বাভাস দেওয়ার জন্য আমরা এখন সে দেশে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার দায়িত্ব পেয়েছি। আশা করি, এই ক্ষেত্রেও আমরা সফল হতে পারব।’

তবে বাংলাদেশের এই সংস্থা শুধু নদীভাঙনের পূর্বাভাসই দেয় না। ১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে তারা দেশের নদী-ব্যবস্থাপনা, পরিবেশ, কৃষি, জ্বালানি ও খনিজ সম্পদ, সেতুসহ বড় অবকাঠামোগুলো নিয়ে নানা ধরনের সমীক্ষা করে আসছে। বিশেষ করে, বড় প্রকল্প করার আগে যে পরিবেশগত প্রভাব সমীক্ষা করতে হয়, তার বেশির ভাগই করে এই সংস্থা। কোনো বড় প্রকল্পের কারণে পরিবেশের সম্ভাব্য প্রভাব নিয়ে নানা ধরনের মূল্যায়ন ও নীতিনির্ধারণী গবেষণাও করে থাকে সংস্থাটি।

সংস্থাটিতে বর্তমানে ২৫০ জন প্রকৌশলী ও বিশেষজ্ঞ কাজ করছেন। তাঁদের বেশির ভাগেরই বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক জার্নালে অসংখ্য লেখা ছাপা হয়েছে। গবেষক, বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের লেখা প্রায় ৮০০ গবেষণা প্রবন্ধ বিশ্বের বিভিন্ন দেশের জার্নালে প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও সিইজিআইএস ট্রাস্টি বোর্ডের সভাপতি জাফর আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘সরকারের প্রতিষ্ঠিত একটি পাবলিক ট্রাস্টি প্রতিষ্ঠান হলেও আমরা সিইজিআইএসকে সম্পূর্ণ পেশাদারি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছি। সম্পদের অপ্রতুলতা সত্ত্বেও সরকারি-বেসরকারি নানা প্রকল্পের গবেষণা ও মূল্যায়ন করে দিচ্ছে এই প্রতিষ্ঠান। দেশের গণ্ডি পেরিয়ে তারা এখন বিদেশের মাটিতে তাদের জ্ঞান ও প্রযুক্তি দিয়ে ভূমিকা রাখছে।’