শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নদীর তীর, কৃষিজমি ও টিলার মাটিতে ‘ইউনিভার্সিটি সেন্টার’
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের কাজে ব্যবহূত হচ্ছে নদীতীর, কৃষিজমি ও টিলা কাটার মাটি। বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ইউনিভার্সিটি সেন্টারের ভিত্তিস্তর ও এর চারপাশের জায়গা ভরাট করতে এসব মাটি ব্যবহার করা হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের উত্তর দিকের আখালিয়া বড়গুল এলাকায় বিশ্ববিদ্যালয়ের সীমানাসংলগ্ন স্থানে কয়েকটি টিলা রয়েছে। ইউনিভার্সিটি সেন্টারের নির্মাণকাজের জন্য টিলাগুলোর একটির পাদদেশের মাটি কেটে ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে।স্থানীয় রইছ মিয়া টিলা ও সংলগ্ন জমির স্বত্বাধিকারী দাবি করে এ প্রতিবেদককে জানান, তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে টিলার পাদদেশে কাঁচা ঘর নির্মাণ করে বসবাস করে আসছে। টিলা কাটার কথা অস্বীকার করে তিনি বলেন, ‘এখন পাকা ঘর তৈরির জন্য শুধু বাড়ির উঁচু-নিচু জায়গা সমান করছি।’অন্যদিকে সুরমা নদীতীরের বিভিন্ন স্থান থেকে মাটি কেটে আনা হচ্ছে ওই ভবনের একই কাজের জন্য। সরেজমিনে দেখা গেছে, সুরমা নদীর কানিশাইল ও ঘাসিটুলা এলাকায় বেশ কয়েকটি স্থান থেকে নদীতীর কেটে মাটি এনে নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উত্তর দিকের টিলারগাঁও-চাতাল এলাকার বিভিন্ন কৃষিজমি থেকেও একই কাজের জন্য মাটি আনা হচ্ছে বলে জানা গেছে।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক এ কে কিম প্রথম আলোকে জানান, সিলেটে টিলা কাটার ব্যাপারে বর্তমানে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় টিলা কাটা বিস্ময়ের। এ ছাড়া নদীর তীর থেকে মাটি কাটাও সম্পূর্ণ অবৈধ।মুঠোফোনে যোগাযোগ করা হলে ওই নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মালিথা ট্রেডার্সের প্রকল্প প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘আমরা ভবনের ভিত্তিস্তর ও আশপাশের জায়গা ভরাট করার জন্য সাব-কন্ট্রাক্ট দিয়েছি। তারা কোথা থেকে মাটি এনে দিচ্ছে, এর দায় আমাদের নয়।’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘এটা মোটেও গ্রহণযোগ্য নয়। আমি আশা করব, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে।’উপাচার্য মোহাম্মদ সালেহ উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। এটি সত্য হয়ে থাকলে তাদের এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলব।’