নদীর তীর প্রতিরক্ষার কাজ বন্ধ, আতঙ্কে নড়াইলবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শুকনোর সময় চলে যাচ্ছে। এহোনও বান্দের কিছু হলো না। আর দুই-তিন মাস পরেই ঢক (বর্ষা) শুরু হবেনে। আমাগে আবারও সব কিছু ভাসায় নিয়ে যাবেনে।’ কথাগুলো বললেন নড়াইলের কালিয়া উপজেলার চাঁদের চর বেড়িবাঁধসংলগ্ন শুক্ত গ্রামের কৃষক সমশের আলী। চাঁদের চর এলাকায় নবগঙ্গা নদীর তীর প্রতিরক্ষার কাজ বন্ধ থাকায় শুধু সমশের আলীই নন, নড়াইলের লোহাগড়া, কালিয়া ও সদর উপজেলার আটটি ইউনিয়নে তাঁর মতো আরও কয়েক লাখ মানুষ আতঙ্কে আছে।এলাকাবাসীর আশঙ্কা, নদীর তীর প্রতিরক্ষার কাজ বন্ধ থাকায় বর্ষার শুরুতেই এবারও প্লাবিত হতে পারে ওই তিনটি উপজেলার ১০৬টি গ্রাম। জানা গেছে, কাজের বিল না পাওয়ায় নদীর তীর প্রতিরক্ষার কাজে নিয়োজিত ঠিকাদার এক মাসেরও বেশি সময় ধরে কাজ বন্ধ রেখেছেন।এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত বন্যায় নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর পানির চাপে চাঁদের চর বেড়িবাঁধের প্রায় এক হাজার ৪১০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর নদীর তীরের ৯৫০ মিটার অংশ প্রতিরক্ষার কাজে সাত কোটি ৭০ লাখ ৭৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী দীপক কুমার সরকার নদীর তীর প্রতিরক্ষার কাজ বন্ধ থাকার কথা স্বীকার করে বলেন, কাজের ধীরগতির কারণে ঠিকাদারকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। কাজের গতি বাড়াতে সম্প্রতি ঠিকাদারকে ৮০ লাখ টাকার বিলও দেওয়া হয়েছে। তার পরও কাজের গতি বাড়েনি। এ ব্যাপারে ইসমাইল হোসেনকে পাওয়া যায়নি। ঠিকাদারের তত্ত্বাবধায়ক আবদুল মজিদ জানান, পাঁচ মাস কাজ করার পরও বিল না পাওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছে।