নদীর তীর ভেঙে বিচ্ছিন্ন সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিচঢালাই সড়কের প্রায় ৩০০ ফুটের মতো বিলীন পাশের নদীতে। ফলে দুভাগ হয়ে গেছে সড়ক। বিচ্ছিন্ন অংশে বাঁশের সাঁকো বসিয়ে কোনো রকমে পারাপার হচ্ছে মানুষ। ভাঙা অংশটি পার হতে দুর্ভোগেরও শেষ নেই। এই চিত্র নাইক্ষ্যংছড়ি-কচ্ছপিয়া-দোছড়ি সড়কের কক্সবাজারের রামু উপজেলার নারকেল বাগান এলাকার।

২৪ জুলাই বন্যার পানির তোড়ে বাঁকখালী নদীর তীর ভেঙে সড়কটি বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে নয় দিন ধরে যান চলাচল বন্ধ সড়কটিতে। বাঁকখালী নদীর তীর ঘেঁষে নির্মিত ১৮ কিলোমিটারের সড়কটি দিয়ে চলাচল করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের রামু উপজেলার মানুষ। নারকেল বাগান অংশটি নাইক্ষ্যংছড়ি থেকে আট কিলোমিটার দূরত্বে।

গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, সড়কটির শুরু নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে। এরপর এটি কক্সবাজারের রামুর কচ্ছপিয়া হয়ে নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের বাজারে শেষ হয়েছে (দোছড়িতে যেতে হয় রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ওপর দিয়ে)। সড়কটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কচ্ছপিয়া এলাকায়। নারকেল বাগান এলাকায় বিচ্ছিন্ন অংশে পাশাপাশি দুটি বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। ঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকো পারাপার হচ্ছে মানুষ। এ ছাড়া  নারকেল বাগান থেকে দুই হতে তিন কিলোমিটারের মধ্যে শুকমনিয়া, ছোট জামছড়ি ও বালুবাসা এলাকায় সড়ক ভেঙে সরু হয়ে গেছে। তবে সড়কের নাইক্ষ্যংছড়ি অংশে তেমন ক্ষতি হয়নি।

নাইক্ষ্যংছড়ির দোছড়ি বাজারের ব্যবসায়ী জাহিদ হোসেন ও আবুল কালাম বলেন, এখানকার উৎপাদিত তরিতরকারি, ফলমূল রামু, কক্সবাজার শহরসহ চকরিয়া পর্যন্ত সরবরাহ করা হয়। এই সড়ক দিয়ে ৩১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন লেম্বুছড়ি সীমান্ত ফাঁড়ি ও সাত-আটটি সীমান্ত ফাঁড়ি (বিওপি) রয়েছে। এ ছাড়াও রয়েছে লামা বন বিভাগের বিট কার্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলার অন্তত ৩০ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে।

স্থানীয় লোকজন জানান, নারকেল বাগানের ভাঙন অংশে সিসি ব্লক স্থাপন এবং জিও ব্যাগ ব্যবহার করে সড়কটি রক্ষা করা সম্ভব। অন্যথায় এই এলাকার অর্ধশতাধিক দোকানপাট ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হবে।

নাইক্ষ্যংছড়ি-৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো.আনোয়ারুল আযীম বলেন, সড়কে যান চলাচল বন্ধ থাকায় সীমান্ত ফাঁড়িতে মালামাল আনা নেওয়ায় ব্যাঘাত হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরকে তাগাদা দেওয়া হলেও কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না।

এ প্রসঙ্গে রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, কয়েকবার ভাঙনস্থল পরিদর্শন করেন তিনি। সড়কটি সচল করতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে (এলজিইডি) তাগাদা দেওয়া হচ্ছে। কিন্তু বরাদ্দ না থাকায় কাজ শুরু করা যাচ্ছে না। এ ব্যাপারে উপজেলা পরিষদের পক্ষ থেকেও প্রকল্প তৈরি করা হচ্ছে।

এলজিইডির রামু উপজেলা কার্যালয়ের প্রকৌশলী জাকির হাসান বলেন, নারকেল বাগান এলাকায় সড়কের ভাঙন সংস্কারে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ এলেই কাজ শুরু হবে।