নদীর তীরে অননুমোদিত প্রতিষ্ঠান অপসারণে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ দেশের অন্যান্য নদী বন্দর এলাকার তীরভূমিতে অবস্থিত অননুমোদিত প্রতিষ্ঠান হস্তান্তর বা অপসারণে সরেজমিন পরিদর্শন ও ব্যবস্থা গ্রহণে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এক মাসের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে এ ব্যাপারে প্রতিবেদন দেবে।
আজ বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নদীর তীরে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ে এক মতবিনিময় সভায় কমিটি গঠনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ঢাকা নদী বন্দর এলাকার তীরভূমিতে অননুমোদিত ৩০টি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির আহ্বায়ক হলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির আরিফ মাহমুদ। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূর-উর-রহমান। পানি সম্পদ, ভূমি, গৃহায়ণ ও ধর্ম মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ, ইসলামিক ফাউন্ডেশন, ওলামা মাশায়েখ, ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতিনিধিরা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সাংসদ সানজিদা খানম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এম মোজাম্মেল হক, ইসলামিক ফাউন্ডেশনের ও বায়তুল মোকাররম মসজিদের খতিবের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, বিআইডব্লিউটিএ এ পর্যন্ত নদী তীরে চার হাজার ৭৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ২১৫ একর জমি উদ্ধার করেছে।