নদীর তীরে অবৈধ স্থাপনা নির্মাণ, উচ্ছেদের দাবি
সিলেটের বিশ্বনাথে উপজেলা সদরের নতুন বাজারে বাসিয়া নদীর তীরে এক বছরের জন্য ইজারা নিয়ে অবৈধভাবে দালানকোঠা নির্মাণ করা হচ্ছে। একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে ওই দালানকোঠা নির্মাণ করলেও প্রশাসন নীরব রয়েছে। অবৈধ এসব স্থাপনা উচ্ছেদে ইউএনও কাছে স্মারকলিপিও দিয়েছেন এলাকাবাসী।
অবৈধ দালানকোঠা উচ্ছেদের দাবিতে ৪ জুন ইউএনও সোনামণি চাকমার কাছে এলাকার স্থানীয় ১২৫ জন ব্যবসায়ী স্মারকলিপি দিয়েছেন।
ইউএনও বলেন, এখানে টিনের দোকান নির্মাণের জন্য ইজারা দেওয়া হয়েছে। এ স্থানে পাকা দালান নির্মাণ বৈধ নয়।
উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে দোকান নির্মাণের জন্য উপজেলা সদরের নতুন বাজারে মশুলা মৌজার চার শতক জমি ইজারা দেওয়া হয়। আকবর আলী, আয়না মিয়া, ফয়জুর রহমান, মখলিছ আলী, আহমদ আলী, আবদুল হাই, মুক্তার আলী, ফজির আলী এই জমি এক বছরের জন্য ইজারা নেন। তাঁরা সবাই বিএনপি ও আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে।
জানা গেছে, কাগজে-কলমে চার শতক জমি ইজারা নেওয়া হলেও ছয় শতকে অবৈধভাবে দোকান নির্মাণ করা হচ্ছে। কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে অর্ধেক অংশে আধপাকা ঘর ও অর্ধেক অংশে ভিত্তি দিয়ে দালানকোঠা নির্মাণ করা হয়েছে। কয়েকজন নির্মাণশ্রমিকের সঙ্গে কথা বলেও ভিত্তি দিয়ে দালান নির্মাণের বিষয়টি জানা গেছে।
আকবর আলী, আয়না মিয়া, মখলিছ আলী, আবদুল হাই দাবি করেন, এখানে নিয়ম মেনেই দালান নির্মাণ করা হচ্ছে।
বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমীরুল কায়সার বলেন, অবৈধ দালান ভেঙে ফেলার জন্য তাঁরা কয়েক দিন সময় চেয়েছেন। ওই সময়ের মধ্যে তা ভাঙা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।