
৬ মার্চ ২০১৩, রাত সাড়ে ১০টা। প্রেসক্লাব থেকে বাসায় ফিরছি, পথে নারায়ণগঞ্জ জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘রাব্বি ভাইয়ের বড় ছেলেকে পাওয়া যাচ্ছে না। আমরা থানায় অভিযোগ করে এখন র্যাব অফিসে এসেছি।’
নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় যুদ্ধাপরাধী আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে ৬ ফেব্রুয়ারি থেকে গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির উদ্যোগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। রফিউর রাব্বির ছেলেকে পাওয়া যাচ্ছে না—খবরটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে প্রথম আলো অফিসে সহ-সম্পাদক মাহবুব আলমকে জানাই। তিনি সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে দ্রুত নিউজটি পাঠাতে বলেন। ‘রফিউর রাব্বির বড় ছেলে নিখোঁজ’ শিরোনামে খবরটি ৭ মার্চ প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ছাপা হয়। ‘ত্বকী নিখোঁজ’—সংবাদটি শুধু প্রথম আলোতেই ৭ মার্চ ছাপা হয়েছিল।
৭ মার্চ প্রথম আলোতে ফলোআপ রিপোর্ট পাঠাই, রফিউর রাব্বির ছেলেকে কারা অপহরণ করতে পারে। একই সঙ্গে ত্বকীকে খুঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের যৌথ প্রেস রিলিজটিও পাঠাই। ৮ মার্চ শুক্রবার সকালে খবর পাই, ত্বকীর লাশ তার বাসার কাছেই চারারগোপে শীতলক্ষ্যা নদীতে পাওয়া গেছে। নারায়ণগঞ্জ থানায় ওসি মঞ্জুর কাদেরকে ফোন করে বিষয়টি নিশ্চিত হই। চারারগোপে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের স্থাপনায় দক্ষিণ-পূর্ব কোণে শীতলক্ষ্যা নদীর শাখা খালের তীরে ত্বকীর লাশ পড়ে ছিল। ত্বকীর বাঁ চোখ ছিল ফোলা, ডান চোখের পাশে ফোসকার মতো ফোলা, নিচে জমাট রক্তের দাগ, বুক ও গলায় আঘাতের চিহ্ন, শরীর কিছুটা ফোলা। সুরতহাল শেষে ত্বকীর লাশ লাশবাহী ব্যাগে করে রিকশাভ্যানে প্রথমে নারায়ণগঞ্জ থানায়, পরে জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।
রফিউর রাব্বির বড় ছেলে তানভীর মুহাম্মদ ত্বকীকে নৃশংসভাবে হত্যার খবরে শহরে নেমে আসে শোকের ছায়া। আকস্মিক এই নৃশংসতায় থমকে যায় সাধারণ মানুষ। মেধাবী এই কিশোরের ক্ষত-বিক্ষত লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে অনেকে। হাসপাতাল চত্বরে সৃষ্টি হয় এক হূদয়বিদারক দৃশ্যের। ঢাকা অফিসকে নারায়ণগঞ্জের পরিস্থিতি জানাই। সংবাদের গুরুত্ব বিবেচনা করে প্রথম আলো অফিস থেকে আসেন বিশেষ প্রতিনিধি কামরুল হাসান। ময়নাতদন্ত শেষে ত্বকীর লাশ নিয়ে শহরে মিছিল বের করেন সংস্কৃতিকর্মীরা। পরদিন তাঁরা শহরে সকাল-সন্ধ্যা হরতাল ডাকেন। ৯ মার্চ নারায়ণগঞ্জ শহরে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালিত হয়। নারায়ণগঞ্জের মানুষ স্মরণকালে এ রকম হরতাল দেখেনি। চায়ের টংয়ের দোকান পর্যন্ত খোলেনি। একটি রিকশাও চলেনি সেদিন। স্কুল-কলেজের শিক্ষার্থীরা ত্বকী হত্যার প্রতিবাদে নেমে আসে রাস্তায়। নারায়ণগঞ্জ সেদিন স্থবির হয়ে গিয়েছিল।
১১ মার্চ প্রথম আলোতে একটি অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘একটি বিশেষ পরিবার ত্বকী হত্যাকাণ্ডে জড়িত।’ নারায়ণগঞ্জের বেশির ভাগ মানুষ তা-ই মনে করে। ত্বকী হত্যার পর প্রতিবাদী হয়ে উঠতে শুরু করে মানুষ। রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। প্রতিবাদ জানায় এই নৃশংসতার। প্রথম আলো এই হত্যাকাণ্ড নিয়ে তথ্যনির্ভর অনুসন্ধানী প্রতিবেদন ছাড়াও গত সাত মাসে আয়োজিত নানা প্রতিবাদ কর্মসূচির খবর পরিবেশন করেছে অত্যন্ত গুরুত্বের সঙ্গে।
নারায়ণগঞ্জের মানুষের কাছে ত্বকী হত্যাকাণ্ড ছিল বড় এক আঘাত। নিষ্পাপ একটি ছেলেকে কেউ এভাবে হত্যা করতে পারে—এটা বিশ্বাস করাই ছিল কষ্টকর। ধীরে ধীরে মানুষ জানতে পারে মেধাবী এই তরুণের ছিল কবিমন। মৃত্যুর পর ত্বকীর এ-লেভেল পরীক্ষার প্রথম বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছিল। পদার্থবিদ্যা ও রসায়নে ত্বকী বিশ্বের সর্বোচ্চ নম্বর পেয়েছিল। এই বিষয়গুলো নিয়ে প্রথম আলোয় একের পর এক প্রতিবেদন ছাপা হয়েছে।
একটি দৃশ্য একেবারেই ভুলতে পারি না। ত্বকীর কফিন ছুঁয়ে মা কাঁদছেন। বাবা নিথর দাঁড়িয়ে আছেন কফিন ছুুঁঁয়ে। আমি রাব্বি ভাইয়ের দিকে তাকিয়ে থাকি। সে সময় চারদিকের নীরবতা যেন অপার্থিব এক পরিবেশের জন্ম দেয়। সেই নীরবতা বা নৈঃশব্দ্যেরও একটা ভাষা থাকে। পিতার কাঁধে সন্তানের লাশের মতো ভারী কিছুই হতে পারে না, সে কথাই যেন জানিয়ে যায় চারপাশের পরিবেশ।
আসিফ হোসেন: নারায়ণগঞ্জ প্রতিনিধি