নদীর তীরে সারের মজুত নষ্ট হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর ও বড়াল নদের দুই তীরে খোলা আকাশের নিচে বিসিআইসির সরবরাহ করা ইউরিয়া সারের বিশাল মজুত গড়ে তোলা হয়েছে। কিন্তু নদীর একেবারে পাড় ঘেঁষে এগুলো স্তূপ করে রাখায় নদীর পানি বাড়লে যেকোনো মুহূর্তে এই বিপুল পরিমাণ সার নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
বন্দর কর্তৃপক্ষ বলেছে, উত্তরবঙ্গ বাফার গোডাউনে সরবরাহ না নেওয়া এবং স্থান সংকুলানের অভাবে সারগুলো নদীর তীরে রাখা হয়েছে।
বাঘাবাড়ী বন্দর ও পরিবহন ঠিকাদারদের সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের ১৬ জেলায় বিসিআইসির অধীন বাফার ১৪টি গোডাউনে বাঘাবাড়ী বন্দর দিয়ে সার সরবরাহ করা হয়ে থাকে। সার পরিবহনের ঠিকাদার চট্টগ্রাম থেকে নৌপথে তা বাঘাবাড়ী বন্দরে আনেন। বোরো মৌসুম শুরু হওয়ার মাস খানেক আগে থেকেই সার পরিবহন শুরু হয়। বর্তমানে বাফার গোডাউনে আর জায়গা না থাকায় সারগুলো বন্দরেই খোলা আকাশের নিচে মজুত করে রাখা হয়েছে। বৃষ্টি বা নদীর পানিতে এই সারগুলো যেকোনো মুহূর্তে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
পরিবহন ঠিকাদারের নবাব এন্টারপ্রাইজের প্রতিনিধি হেলাল উদ্দীন বলেন, নৌপথে একসঙ্গে অনেক জাহাজ আসায় সব সার একসঙ্গে ট্রাকযোগে গুদামে পাঠানো সম্ভব হয় না। গুদামেও জায়গা না থাকায় ট্রাকেও এখন আর সেগুলো তুলে লাভ নেই। তাই মালামাল খালাস করে যেখানে জায়গা পাওয়া যাচ্ছে, সেখানেই রাখতে হচ্ছে।
বাঘাবাড়ী বন্দরের ইজারাদার আবদুস সালাম বলেন, গত বুধবার ভোরে ছয়টি ট্রাক জয়পুরহাট জেলার বাফার গোডাউনে সার নিয়ে গেলেও জায়গা না থাকায় সন্ধ্যা পর্যন্ত ট্রাক থেকে মাল খালাসই করা যায়নি। স্থানীয়ভাবে সারগুলো খালাসের জন্য কর্তৃপক্ষ চেষ্টা করছে। এ ছাড়া নদীর তীরে যে সারগুলো রয়েছে, সেগুলো ওপরে ওঠানোর জন্য বলা হয়েছে। তিনি আরও বলেন, এখনো নদীতে ৯০টি জাহাজবোঝাই সার রয়েছে। এগুলো কোথায় রাখা হবে—এ নিয়ে দুশ্চিন্তায় আছেন। বাফার গুদাম সংখ্যা না বাড়ালে ভবিষ্যতে সার সংরক্ষণে আরও অসুবিধা হবে বলে তিনি উল্লেখ করেন।
বিসিআইসির উত্তরাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শামীম আক্তার বলেন, উত্তরাঞ্চলের বিসিআইসির বাফার গোডাউনগুলোতে সার রাখার জন্য জায়গা বের করার কাজ চলছে। যত দ্রুত সম্ভব বাঘাবাড়ী বন্দর থেকে সারগুলো সরিয়ে নেওয়া হবে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ বলেন, পানিতে ক্ষতিগ্রস্ত হলো কি না, তা ভালোভাবে দেখে নদীর তীরবর্তী নিরাপদ স্থানে সারের বস্তাগুলো সরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও বন্দর এলাকায় সার্বিক নজরদারিতে রাখা
হয়েছে। বিসিআইসি কর্তৃপক্ষকে সারগুলো গ্রহণ করতে তাগিদ দেওয়া হয়েছে।