নদীর তীরে সিটি করপোরেশনের গণশৌচাগার!
বরিশালে বাড়িঘরের ময়লা-আবর্জনাসহ নানা কারণে কীর্তনখোলা নদীর পানি দূষিত হচ্ছে। অনেক কারখানা ও বাড়ির বর্জ্য ফেলার পাইপ খাল ও নদী থেকে সরিয়ে নিতে সিটি করপোরেশন থেকে নোটিশও করা হয়েছে একাধিকবার। এবার সিটি করপোরেশনই কীর্তনখোলা নদীর তীরে নির্মাণ করছে গণশৌচাগার। বরিশাল নৌবন্দরের পাশে কীর্তনখোলা নদীর খেয়াঘাটে শহর রক্ষা বাঁধের বাইরে নদীর কোল ঘেঁষে সিটি করপোরেশন এই শৌচাগার নির্মাণ করছে। বৃহষ্পতিবার সরেজমিনে নির্মাণশ্রমিকদের শৌচাগারের কাজ করতে দেখা গেছে। শ্রমিক রুবেল সরদার জানান, প্রায় এক মাস আগে সিটি করপোরেশন শৌচাগারটি নির্মাণ শুরু করে। এখানে তিনটি গোসলখানা ও তিনটি শৌচাগার নির্মাণ করা হবে। শৌচাগারের ময়লা যাবে কোথায় জানতে চাইলে নির্মাণশ্রমিক বিপ্লব তালুকদার বলেন, ‘ক্যান, পাইপ দেবে নদীতে।’ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, গণশৌচাগার নির্মাণের জন্য তো অনেক স্থান ছিল। কেন কীর্তনখোলা নদীর অংশ দখল করে তা নির্মাণ করা হচ্ছে বুঝতে পারছি না। যেহেতু সিটি করপোরেশন করছে, এর বিরুদ্ধে কথাও বলা যাচ্ছে না। বরিশাল নদী-খাল বাঁচাও আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, কীর্তনখোলা নদীর পানি এমনিতেই দূষণমুক্ত রাখা যাচ্ছে না, তার ওপর নদীতে সিটি করপোরেশনের গণশৌচাগার নির্মাণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সিটি করপোরেশন এমন উদ্যোগ নিলে মানুষ নদী দখল-দূষণে উৎসাহী হবে। এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী তারিকুল হক বলেন, ‘খেয়াঘাটে একটি গণশৌচাগার নির্মাণের কথা রয়েছে। কাজ শুরু হয়েছে কিনা জানি না। ওখানে অবশ্যই সেপটিক ট্যাঙ্ক নির্মাণ করা হবে। কোনোভাবেই নদীতে পাইপ দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, মানুষ লঞ্চ থেকে নেমে বা খেয়া পার হয়ে দূরে শৌচাগারে যেতে চায় না। এ কারণেই নদীর কাছাকাছি শৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।