নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি মৎস্যজীবীদের
সিলেটের বিশ্বনাথের বাসিয়া নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছে উপজেলা সদরের নতুন বাজার মৎস্যজীবী সমিতি। এ দাবি জানিয়ে সমিতির নেতারা গত মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে স্মারকলিপি দিয়েছেন। অবৈধ স্থাপনা নির্মাণ করে বাজারের মাছ বাজারটি ধ্বংসের পাঁয়তারা চলছে বলে সমিতির নেতারা অভিযোগ করেন। এ নিয়ে গতকাল বুধবার তাঁরা এলাকাবাসীর সঙ্গে বৈঠক করে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যের ‘মাছ বাজার রক্ষা কমিটি’ গঠন করেন।
উপজেলার মশুলা মৌজায় মসজিদের নাম ব্যবহার করে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে একসনা বন্দোবস্তের চার শতক জমি রয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
গত ৪ জুন একই দাবিতে স্থানীয় বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী ইউএনও সোনামনি চাকমা বরাবর স্মারকলিপি দেন। বিষয়টি তদন্তের দায়িত্ব পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমীরুল কায়সার। ১০ জুন তিনি এই প্রতিবেদকসহ স্থানীয় সাংবাদিকদের জানান, অবৈধ স্থাপনা সরিয়ে নিতে তিনি কয়েক দিন সময় নিয়েছেন। এর মধ্যে না সরালে প্রশাসন ব্যবস্থা নেবে। গতকাল তিনি বলেন, ‘তদন্তের পর আমি প্রতিবেদন জমা দিয়েছি। এখন উধ্বর্তন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’
সঞ্চারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করে ইউএনও সোনামনি চাকমা বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।