নদীর তীরের মাটি কেটে নিচ্ছেন আ.লীগ নেতারা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নদী থেকে বালু তোলায় মন্ত্রণালয়ের একটি অনুমতিপত্রকে পুঁজি করে স্থানীয় আওয়ামী লীগের নেতারা জোটবদ্ধ হয়ে নদীর তীরবর্তী এলাকার লোকজনের জমির মাটি জোর করে কেটে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ, ইজারাদারের যে পরিমাণ মাটি নদী থেকে তোলার কথা, তার চেয়ে বেশি বালু ইতিমধ্যে তুলে ফেলেছেন। এলাকাবাসী জানান, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের নয়নপুর ও মৈনরখাঁ মৌজার মেঘনা নদী থেকে বালু তোলার জন্য নৌপরিবহন মন্ত্রণালয় থেকে গত বছরের ১০ ডিসেম্বর একটি অনুমতি নেয় শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেনের প্রতিষ্ঠান মেঘনা ট্রেডার্স। ৩০০ দিনের মধ্যে ২৫ লাখ ঘনফুট বালু উত্তোলনের জন্য অনুমতি নেওয়া হয়। নদীতীরবর্তী এলাকাবাসীর অভিযোগ, অনুমতি এনে ৩০ দিনের মধ্যেই ওই প্রতিষ্ঠান ২৫ লাখ ঘনফুটের বেশি বালু তুলে ফেলেছে। সরেজমিন ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই অনুমতিপত্রকে পুঁজি করে এমদাদ হোসেন ও শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক মোল্লার নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা প্রতিদিন ও রাতের আঁধারে ২০-২৫টি ড্রেজার দিয়ে নদী থেকে বালু তুলছেন। সেই সঙ্গে তাঁরা সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা, এলাহীনগর, ফতেপুর ও মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বলাকী গ্রামের নদীতীরে ড্রেজার লাগিয়ে লোকজনের জমির মাটি কেটে নিয়ে যাচ্ছেন। এলাকাবাসী মাটি কাটায় বাধা দেওয়ায় গত রোববার আওয়ামী লীগের নেতা সিদ্দিক মোল্লা এলাহীনগর গ্রামের দুলাল মিয়াকে চড় মারেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনটি গ্রামের কয়েক হাজার মানুষ একত্র হয়ে ওই দিনই সিদ্দিক মোল্লাসহ আওয়ামী লীগের নেতাদের ধাওয়া করেন। এলাকাবাসীর অভিযোগ, গত সোমবার থেকে আওয়ামী লীগের নেতারা শম্ভুপুরায় পুলিশি পাহারায় কৃষকের জমির মাটি কেটে নিচ্ছেন। তবে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী পুলিশি পাহারায় কৃষকের জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই এলাকায় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে জন্য ইজারাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা সেখানে গিয়েছি।’ এ ব্যাপারে সিদ্দিক মোল্লা জানান, ‘দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে আমরা এ ব্যবসা চালিয়ে বৈধভাবে কিছু আয় করছি। কিছু কৃষক আমাদের কাছে চাঁদা চেয়ে না পেয়ে বালু তোলার কাজে বাধা দিচ্ছে।’ দুলাল মিয়াকে চড় মারার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সে আমার আত্মীয়।’চর বলাকী গ্রামের কৃষক শাহজান মিয়া ও নুরুজ্জামান জানান, আওয়ামী লীগের নেতারা নদী থেকে বালু উত্তোলন করার কথা বলে আমাদের এলাকার কয়েক শ কৃষকের ফসলি জমির মাটি কেটে নিয়ে গেছেন। শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ বলেন, ‘এলাকার লোকজন তাঁদের জমির মাটি কেটে নেওয়ার ব্যাপারে আমার কাছে অভিযোগ করেছেন। আমি বিষয়টি ইউএনওকে জানিয়েছি।’ সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল আমিন জানান, ‘এমদাদের বিরুদ্ধে প্রতিদিনই কৃষকেরা অভিযোগ নিয়ে আসছেন। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’ এমদাদ হোসেন জানান, ‘নদী থেকে বালু তুলতে গিয়ে কিছু কৃষকের জমির ভেঙে নদীতে বিলীন হয়েছে—এ কথা সত্য। তবে আমরা কৃষকের জমির মাটি কাটিনি।’ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. সামছুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত শুরু করেছি। কৃষকের জমির মাটি কাটা হলে অবশ্যই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’