নরসিংদীর মেঘনায় গতকাল শনিবার দুপুরে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়নের স্লুইসগেট থেকে ইউএমসি জুট মিল ঘাট পর্যন্ত এলাকায় এই প্রতিযোগিতার আয়োজন করে নরসিংদী পৌরসভা কর্তৃপক্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা দেশের সব নদীর নাব্যতা ফিরিয়ে আনার জোর দাবি জানান। নৌকাবাইচ দেখতে বেলা ১১টা থেকে নরসিংদীর শহর রক্ষা বাঁধ এলাকায় বিভিন্ন বয়সের নারী-পুরুষ জড়ো হতে থাকে। বহু মানুষ বাদ্যযন্ত্র নিয়ে নৌকায় করে নদীতে অবস্থান নেয়। নৌকাগুলো সাজানো হয় নানা রঙে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জসহ আট জেলা থেকে ২৫টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন। সভাপতিত্ব করেন স্থানীয় পৌর কাউন্সিলর রোকন উদ্দিন আহমেদ। নরসিংদী সদর উপজেলার সাহেবপ্রতাপ গ্রামের ফারুক সরকারের দল প্রতিযোগিতায় প্রথম হয়ে একটি ফ্রিজ জিতে নেয়। শহরের বাসাইল এলাকার কামরুজ্জমানের দল দ্বিতীয় হয়ে জিতে নেয় ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন। নৌকাবাইচে অংশ নেওয়া প্রত্যেক দল সান্ত্বনা পুরস্কার হিসেবে পায় একটি ডিভিডি সেট।