নদীর পানি বাড়ায় ফরিদপুরে বন্যা পরিস্থিতির অবনতি
নদ-নদীর পানি বাড়ায় ফরিদপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত বিভিন্ন এলাকার ঘরবাড়িতেও পানি ঢুকে পড়েছে। এ কারণে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। গোয়ালন্দ এলাকায় পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ১৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাদেকুজ্জামান পাল বলেন, গত ২৪ ঘণ্টায় পানি বাড়ায় ইউনিয়নের এক হাজার ২৮০টি পরিবারের ঘরে পানি ঢুকে পড়েছে। এর মধ্যে ৮০টি পরিবার ঘরবাড়ি ছেড়ে স্থানীয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।ইউনিয়নের মুন্সিডাঙ্গি এলাকার সব পাকা সড়ক পানিতে নিমজ্জিত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়ো হয়েছে। কিন্তু গতকাল পর্যন্ত সরকারি কোনো সাহায্য পাওয়া যায়নি।নর্থ চ্যানেল ইউপির চেয়ারম্যান মো. মোস্তাকুজ জামান জানান, ইউনিয়নের সিএনবি ঘাট থেকে গোলডাঙ্গি পর্যন্ত সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পানি ঢুকে পড়ায় ইউনিয়নের তিনটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। পানি বাড়ায় দুই শতাধিক পরিবারের ঘরে পানি ঢুকে পড়েছে।চরমাধবদিয়া ইউপির চেয়ারম্যান তুহিন রহমান বলেন, ইউনিয়নে নতুন করে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে নিমজ্জিত হওয়ার কারণে বাঘেরটিলা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ করে দেওয়া হয়েছে। আলীয়াবাদ ইউপির চেয়ারম্যান ওমর ফারুক বলেন, ইউনিয়নের প্রায় দেড় হাজার পরিবারের ঘরে পানি ঢুকে পড়েছে। গত বুধবার রাতে পানির তোড়ে সাদিপুরের ময়নার মোড় এলাকায় পাকা সড়কের কিছু অংশ ভেঙে গেছে। শ্রেণীকক্ষে পানি ঢোকায় গতকাল থেকে সাদিপুর উচ্চবিদ্যালয়টি বন্ধ করে দেওয়া হয়েছে। অম্বিকাপুর ইউপির চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী বলেন, তাঁর ইউনিয়নের মোস্তফাডাঙ্গি গ্রামে বুধবার বন্যার পানিতে ডুবে সালমান নামের আড়াই বছরের এক শিশু মারা গেছে।পদ্মার তীব্র স্রোতে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের ফাজিলখাঁর ডাঙ্গি ও মোলাডাঙ্গি গ্রামের বেড়িবাঁধ ও কাঁচা রাস্তার সংযোগস্থল কালভার্টসহ ভেঙে বুধবার রাতে আশপাশের তিনটি গ্রাম প্লাবিত হয়েছে।চরভদ্রসন উপজেলা পরিষদের চেয়রাম্যান আবুল হোসেন বলেন, গত তিন দিনে উপজেলার মধু ফকিরের ডাঙ্গি, বালিয়াডাঙ্গি ও এমপিডাঙ্গি এলাকায় ভাঙনের ফলে ৬০টি বসতবাড়ি নদীগর্ভে চলে গেছে। ভাঙনের কবল থেকে ‘চরভদ্রাসনকে বাঁচাও’ স্লোগান নিয়ে আগামী ১ অক্টোবর মানববন্ধন করা হবে বলে জানান তিনি।