নদীর পানি বেড়ে ৪০ গ্রাম প্লাবিত
টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমোরসহ ১৬টি নদ-নদীর সবগুলোতে পানি বেড়ে যাওয়ায় জেলার সদর উপজেলার ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে।গত কয়েক দিনে নদীর তীরবর্তী কয়েক শ একর আমন ও সবজিখেত তলিয়ে গেছে। এসব এলাকার কাঁচা রাস্তা তলিয়ে যাওয়ায় গ্রামীণ যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। টানা চার দিনের বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারেনি স্থানীয় বাসিন্দারা।পানি বাড়ার কারণে সদর উপজেলার রলাকাটা, রসুলপুর, রাউলিয়া, ভগবতীপুর, পোড়ারচর, ঝুনকারচর. চিড়াখাওয়ারচর, পার্বতীপুর, চরসিতাই ঝার, মালভাঙ্গা, উত্তর নওদাবসসহ এলাকার ৪০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া কুড়িগ্রাম পৌরসভার আটাখাওয়ার চর, মুন্সীপাড়া, টাপুভেলাকোপা, চরহরিকেশ এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ধরলা নদীতে ৩৯ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদে ৪০ সেন্টিমিটার ও তিস্তা নদীতে দুই সেন্টিমিটার পানি বেড়েছে।