
‘আগে বুড়িগঙ্গা নদীতে বাপ-দাদারা গোসল করত। মা-বোন থালাবাসন ধুইছে। আমরা সারা দিন নদীতে থাকছি। কোনো দিন মাছ কিইনা খাইতে হয় নাই। অহন মাছ তো দূরের কথা, একটা পোকাও নদীতে নাই। নদীতে পা লাগালে সারা গা চুলকায়।’
গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার বসিলা (পুরান) সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ‘নদী ও জীবনের গল্প’ শীর্ষক এক বিশেষ নাগরিক সমাবেশে এসব কথা বলেন বুড়িগঙ্গা নদীতীরের এক বাসিন্দা। বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বুড়িগঙ্গা রিভারকিপার ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে নদীতীরবর্তী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের জীবন ও জীবিকায় নদীর সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন। নদী দূষণের প্রভাবে এখানকার বাতাসে ঘরের চাল, টিভি-ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে বলে তাঁরা জানান।
বাপার সহসভাপতি সুলতানা কামাল বলেন, নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো হারিয়ে যাচ্ছে। ব্যাপকভাবে বাড়ছে নদী দখল-দূষণ। আগে যে নদীর পাড়ে মানুষ নির্মল বাতাসের আশায় আসত, এখন সেই নদীর পাড়ে দুর্গন্ধময় বিষাক্ত বাতাস। সরকারি মহলের প্রশ্রয়ের কারণে নদীর দখল বেড়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নদীকে ফিরিয়ে দিতে হবে। নদী দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, নদী দখল-দূষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আজ হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। অন্যদিকে দখল-দূষণকারীদের করা হচ্ছে জামাই আদর। অথচ ক্ষতিগ্রস্তরা আজ অবহেলিত এবং মারাত্মক পরিবেশ ও মানবিক বিপর্যয়ের মধ্যে জীবন যাপন করছে। তিনি বলেন, ঢাকার নদীগুলোর আশপাশের ২৫ শতাংশ শিশু ফুসফুস রোগে আক্রান্ত। এর মূল কারণ নদীদূষণ।
বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বুড়িগঙ্গার পানি চোখে দেখা গেলেও বাস্তবে এই নদী আজ প্রায় মৃত। নদী বিপর্যয়ের কারণে ঢাকার নীল-সবুজ হারিয়ে যাচ্ছে। তাপমাত্রা অনেক বাড়ছে। দিনে দিনে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। আর এই নদী দূষণের অন্যতম কারণ হলো হাজারীবাগে অবস্থিত ট্যানারিশিল্প। দীর্ঘ সময়ের ট্যানারি বর্জ্যই এই নদীকে বেশি দূষিত করেছে। এতে সবাই মারাত্মক স্বাস্থ্যগত সমস্যাসহ আর্থিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ট্যানারির জন্য সাভারে বিকল্প জায়গা দেওয়ার পরই তা সরিয়ে নিতে গড়িমসি করছেন মালিকেরা।
বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক খন্দকার মোর্শেদ মিল্লাত বলেন, এই নদীকে বাঁচাতে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। দখল-দূষণকারীদের প্রতিরোধ করতে হবে।
বুড়িগঙ্গা রিভারকিপারের যুগ্ম সম্পাদক শরীফ জামিল বলেন, ট্যানারিশিল্প স্থানান্তরে সময়ক্ষেপণ না করে দ্রুত তা সরিয়ে নিতে হবে। সাভারে ট্যানারি স্থানান্তর হওয়ার পর সেখানকার স্থানীয় পরিবেশ ও নদী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
সমাবেশে সুরমা রিভার ওয়াটারকিপার আবদুল করিম, মাঝি প্রতিনিধি গেদু মিয়া, জেলে প্রতিনিধি রতন রাজবংশী, মন্দির কমিটির প্রতিনিধি সুনীল চন্দ্র রাজবংশী, স্থানীয় বাসিন্দা তোফাজ্জল হায়দার ও ইমরাজ হোসেন এবং বসিলা (পুরান) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মানিক ব্যাপারী বক্তব্য দেন। সমাবেশ শেষে বাউলশিল্পীদের পরিবেশনায় ‘নদীবিষয়ক’ বাউল সংগীত অনুষ্ঠিত হয়।