নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে কনভেনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভারত কর্তৃক তিস্তা-ব্রহ্মপুত্রসহ অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার এবং বাংলাদেশের ওপর এর প্রভাব ও আমাদের করণীয়’ শীর্ষক এক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ, মার্ক্সবাদী) রংপুর ও রাজশাহী বিভাগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার রংপুর টাউন হল মিলনায়তনে এই কনভেনশন হয়।

গতকাল বেলা ১১টায় অনুষ্ঠিত দিনব্যাপী কনভেনশনে সভাপতিত্ব করেন বাসদের গাইবান্ধা জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ। আলোচনা করেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, বাসদের কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, জল পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী ম. ইনামুল হক, নদী গবেষক মাহবুব উদ্দিন সিদ্দিকী, কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ ড. রেজাউল হক, সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড শাহাদৎ হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন বাসদের রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন।

অধ্যাপক আনু মুহাম্মদ ভারত কর্তৃক নদীর পানি প্রত্যাহার ও সরকারের নতজানু নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প আন্তর্জাতিক নদী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। যেসব নদী দুই বা ততোধিক দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়, তাদের বলা হয় আন্তর্জাতিক নদী। বাংলাদেশের ৫৪টি নদী ভারত থেকে এবং তিনটি এসেছে মিয়ানমার থেকে। তিনি আরও বলেন, ১৯৯৭ সালের জাতিসংঘের জলপ্রবাহ কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক নদীগুলোকে এমনভাবে ব্যবহার করা যাবে না, যাতে অন্য দেশ মারাত্মক ক্ষতি বা বিপদের মুখে পড়ে। এসব আন্তর্জাতিক নীতিমালা ও আইনের তোয়াক্কা না করে ভারত একতরফাভাবে নদীসংযোগ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।

তিনি বলেন, নদীবাহিত পলি দিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ। নদীর পানিপ্রবাহ বন্ধ বা বাধাগ্রস্ত হলে ভূখণ্ডের অস্তিত্ব বিপন্ন হবে। ধীরে ধীরে সেটাই হচ্ছে। একসময়ের ১ হাজর ২০০ নদীর দেশে এখন মাত্র ২৩০টি নদী আছে। এক ফারাক্কা বাঁধই দেশের মানচিত্র থেকে মুছে দিয়েছে ২০টি নদী।

কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী বলেন, ‘আমাদের শাসকগোষ্ঠীর নতজানু পররাষ্ট্রনীতির কারণে স্বাধীনতার ৪৪ বছরেও নদীর ন্যায্য হিস্যা আদায় হয়নি। সব সরকারই ক্ষমতায় টিকে থাকার স্বার্থে দেশের স্বার্থ বিকিয়ে সাম্রাজ্যবাদী ভারতের পক্ষে একের পর এক গণবিরোধী চুক্তি করেছে। শুধু তিস্তা নদী দুই দেশের অভিন্ন ৫৪টি নদীর ৫১টিতে আন্তর্জাতিক নদী আইন অম্যান্য করে ভারত বিদ্যুৎ উৎপাদনের জন্য উজানে অসংখ্য বাঁধ, ব্যারাজ দিয়েছে এবং ভিন্ন খাতে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে। ভারতের এই পানি আগ্রাসনের কারণে মরুকরণের দিকে গোটা বাংলাদেশ।