নদীর পারে হাঁসের সঙ্গে বাস

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় ফুলজোড় নদীর যে অংশে সামান্য পানি আছে, সেখানে শুধুই হাঁসের তই তই। নদীর ওই অংশে কেবই হাঁস। শুকনো মৌসুমে পাশের তাড়াশ উপজেলার কয়েকজন খামারি হাঁসগুলো নিয়ে এখানে এসেছেন। নদীর পারে হাঁসের সঙ্গে তাদের বসবাস।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গিয়ে এলাকাবাসী ও হাঁসের মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, হাঁসপালন করে তাদের জীবনের মোড় ঘুরে গেছে। তারা বলছে, ‘হাঁস আমাদের মুখে হাসি ফুটিয়েছে।’
ইসমাইল হোসেন থাকেন জেলার তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের ধরণের গ্রামে। এলাকায় এখন তিনি হাজি ইসমাইল নামে পরিচিত। জীবনে অনেক কাজ করেও সংসারের অভাব দূর করতে পারেননি। স্ত্রী, দুই ছেলে আর এক মেয়ে নিয়ে সংসারে অভাব লেগেই থাকত। ১৫ বছর আগে পরিবারের সবার সঙ্গে পরামর্শ করে হাঁসপালন শুরু করেন। প্রথমে মাত্র ১০টি হাঁস কিনে বাড়িতেই রাখতেন। ডিম আর হাঁস বিক্রি করে সে বছরে ভালোই লাভ হলো। এভাবেই শুরু। এখন তাঁর খামারে ৩১২টি হাঁস। বছরে আয় এক লাখ টাকার মতো।
ভাদাস গ্রামের আবদুর রাজ্জাক, দীঘিসগুনা গ্রামের মনির হোসেন ও সান্তন গ্রামের আলী আশরাফ এখন সফল হাঁস খামারি। তাঁরা চারজন একসঙ্গে হাঁসপালন করছেন। বছরে একেকজনের আয় এক লাখ টাকার মতো।

শুকনো মৌসুমে চারজনই প্রায় এক হাজার ৩০০ হাঁস নিয়ে আস্তানা গেড়েছেন ফুলজোড় নদীর ধানগড়া এলাকায়। গত মাঘ মাসে তাঁরা এখানে এসেছেন। নদীর এই অংশে শামুক ও ঝিনুক প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই হাঁসেরা এখানে থাকতে পছন্দ করে। হাঁসদগুলোকে ধানের কুঁড়োসহ বিভিন্ন খাবার দিতে হয়। পরিবারের সবাইকে ছেড়ে হাঁস নিয়ে বিরানভূমিতে থাকার একটাই কারণ। হাঁসের কোনো ক্ষতি যেন না হয়। হাঁসপালন করে তারা সবাই সফল।
ইসমাইল হোসেন বলেন, একসময় কিছুই ছিল না। হাঁসপালন করে এখন অনেক কিছুই হয়েছে।
পাঁচ ছেলের জনক মনির হোসেন বলেন, নানা রোগবালাই জয় করেই হাঁসের বেঁচে থাকা। শেষে যা থাকে মন্দ না।
একই কথা বলেন, আবদুর রাজ্জাক ও আলী আশরাফ। আরও মাসখানেক পর তাঁরা ধরণের নিয়ে বাড়ি ফিরবেন। জানালেন, নানা ধরনের রোগবালাই ছাড়াও নদী থেকে কিছু হাঁস পথ ভুলে অন্য দিকে চলে যায়। এতে সব সময় চোখে চোখে রাখতে হয়। শ্রমিক দিয়ে ঠিকমতো কাজ হয় না। তাই নিজেরাই হাঁসের পেছনে সময় দেন।
আবদুর রাজ্জাক ও আলী আশরাফ বলেন, প্রতিদিন ভোরে গুনে গুনে হাঁস ছেড়ে দিতে হয়। আবার সন্ধ্যায় গুণে গুণে ঘরে তুলতে হয়। গোনার সময়ে বিশেষ এক পদ্ধতি অবলম্বন করেন তাঁরা।
হাঁসের রোগবালাই দেখা দিলে তাঁরা প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ নেন। রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বাণিজ্যিকভাবে হাঁসপালন করে অনেকেই সংসারে আয় বাড়িয়েছেন। আমাদের কাছে যারা আসেন তাদের নানাভাবে পরামর্শ দেওয়া হয়।
