নদীর পাড় দখল করে সিলেট সিটি কর্তৃপক্ষের অস্থায়ী স্ট্যান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কিনব্রিজ এলাকায় সুরমা নদীর পাড় দখল করে যানবাহনের অস্থায়ী স্ট্যান্ড বানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। অথচ স্থানটি নগরবাসীর বিনোদনের উদ্দেশ্যে দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছিল। স্ট্যান্ড স্থাপনের পর নগরবাসী আর আগের মতো সেখানে হাঁটাচলা করতে পারছেন না।

জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি সিটি করপোরেশনের বেশ কিছু নতুন যানবাহন এসেছে। এতে করে আমাদের গ্যারেজ-সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় জায়গার স্বল্পতার কারণে অস্থায়ীভাবে কিনব্রিজ এলাকায় সুরমা নদীর পাড়ে যানবাহনগুলো রাখা হচ্ছে। তবে উন্মুক্ত জায়গা খোঁজা হচ্ছে। গ্যারেজের জন্য জায়গা পাওয়া গেলে দ্রুতই অস্থায়ী স্ট্যান্ডটি অপসারণ করা হবে।’

সিটি করপোরেশন ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ২০০৬ সালে কিনব্রিজ এলাকায় সুরমা নদীর পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় নদীর পাড়ে স্টিলের পাত বসানো, ওয়াকওয়ে স্থাপন এবং বৃক্ষরোপণ করা হয়। নগরবাসীর বিনোদনের জন্যই স্থানটি এভাবে দৃষ্টিনন্দন করা হয়। পরে রক্ষণাবেক্ষণের জন্য সওজ কর্তৃপক্ষ স্থানটি সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। প্রতিদিন সন্ধ্যায় এখানে অনেকেই জড়ো হয়ে আড্ডা দেন। কিন্তু মাসখানেক আগে সেখানে ওই অবৈধ স্ট্যান্ড স্থাপন করা হয়। এতে করে নগরবাসী আর আগের মতো আড্ডা দিতে পারছেন না।

গতকাল সোমবার বেলা ১১টায় সরেজমিনে দেখা গেছে, কিনব্রিজ এলাকায় নদীর পাড় থেকে শুরু করে কিনব্রিজ-তোপখানা মূল সড়ক পর্যন্ত সিটি করপোরেশনের অন্তত ১৮টি গাড়ি দাঁড় করিয়ে রাখা আছে। এর মধ্যে ছিল বিশুদ্ধ পানি সরবরাহের যানবাহন, ময়লা-আবর্জনা পরিষ্কারের ট্রাক এবং খননযন্ত্র (এক্সকাভেটর)। এ ছাড়া সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত দুটি বৃহৎ যানবাহনও এখানে রাখা হয়েছে। এসব যানবাহনের ফলে সেখানে এখন হাঁটাচলা করার স্থানটুকুও অবশিষ্ট নেই।

স্থানীয় চারজন ভ্রাম্যমাণ ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যার পর এখানে লোক সমাগম ভালো হওয়ায় চা, ফুচকা, চটপটিসহ বেশ কিছু ভ্রাম্যমাণ দোকান বসেছিল। প্রতিদিন তাঁদের বেচাকেনা ভালোই হচ্ছিল। কিন্তু এক মাস ধরে বেচাকেনায়ও ভাটা পড়েছে। কারণ যানবাহনের স্ট্যান্ড হওয়ার পর থেকে মানুষজন এখানে খুব একটা আসছেন না। প্রাকৃতিক বিনোদনের একটি স্থান খোদ সিটি কর্তৃপক্ষ দখল করে নেওয়ায় নগরের কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলছেন, গ্যারেজ-সংকট থাকলে সিটি করপোরেশন কর্তৃপক্ষ পৃথক কোনো স্থান ভাড়া নিতে পারত। এভাবে নগরবাসীর আড্ডার স্থানটি দখল করার মাধ্যমে তারা নগরবাসীকে নেতিবাচক বার্তা দিচ্ছে।

সমাজ অনুশীলন সিলেটের সদস্যসচিব মুক্তাদীর আহমদ বলেন, ‘সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরের অনেকে সুরমা নদীর পাড়ে ওই জায়গাটায় গিয়ে অবসর সময় কাটান। কয়েক বছর ধরে নগরবাসীর কাছে এ দৃশ্য পরিচিত হয়ে উঠেছে। কিন্তু স্থানটির তদারককারী প্রতিষ্ঠানই যদি নগরবাসীর সুস্থ বিনোদনের পথে বাঁধা হয়ে দাঁড়ায়, তাহলে তাঁরা কার কাছে অভিযোগ জানাবেন? আমরা আশা করব, এখান থেকে দ্রুত অস্থায়ী স্ট্যান্ডটি সরিয়ে নেওয়া হবে।’