ফেনীর সোনাগাজীতে গত সোমবার থেকে জয়নাল আবদীন (২৫) নামের একজন ট্যাক্সিচালক নিখোঁজ রয়েছেন। গতকাল শনিবার সকালে জয়নাল আবদীনের গায়ের জ্যাকেট চর খোন্দকার জেলেপাড়ার ভগিরাম দাসের বাড়ির পাশে ফেনী নদীর পাড়ে কাদামাখা অবস্থায় পাওয়া যায়। পরে তা পুলিশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, তাঁকে হত্যার পর লাশ গুম করা হয়েছে।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোনাগাজী উপজেলার দক্ষিণ-পূর্ব চর চান্দিয়া গ্রামের মুক্তিযোদ্ধা ছেরাজুল হকের ছেলে জয়নাল আবদীন (২৫) গত সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হন। কিন্তু পরদিন সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় শুরু হয় খোঁজাখুঁজি। কোথাও না পেয়ে গত শুক্রবার রাতে তাঁর বাবা ছেরাজুল হক সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাঁর বাবা ছেরাজুল হক অভিযোগ করেন, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী লিটন ও দুলাল হোসেন গংয়ের সঙ্গে গত ২৫ অক্টোবর মারামারি হয়েছে। ওই মামলার বাদী ছিলেন জয়নাল আবদীন। বিবাদীপক্ষ তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি, অন্যথায় হত্যার হুমকি দেয়। তাঁর সন্দেহ, তাঁর ছেলেকে হত্যার হুমকিদাতা লিটন ও দুলাল গং হত্যা করে লাশটাও গুম করেছে।