নদীর প্রতি কৃতজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর তীরে সারিবদ্ধ সবাই। হাতের মুঠোয় ফুলের পাপড়ি। একসঙ্গে সবাই সেই পাপড়ি ফেললেন নদীতে। তাঁদের হাতে ছিল একটি ব্যানার। তাতে লেখা, ‘সুরমা তুমি দিয়েছ অশেষ, তোমাকে পুষ্প অভিনন্দন’।
আন্তর্জাতিক নদী দিবস সামনে রেখে সিলেটে গতকাল শুক্রবার সকালে সুরমা নদীর তীরে দাঁড়িয়ে নদীকে এভাবে অভিনন্দিত করে ব্যতিক্রমী কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবী সংগঠন অঙ্গীকার বাংলাদেশ।
সিলেট নগরের কিনব্রিজ এলাকার সুরমা নদীর চাঁদনি ঘাট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে একাত্মতা ঘোষণা করেন বিভিন্ন নাগরিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
সুরমা সিলেট অঞ্চলের সবচেয়ে দীর্ঘতম নদী। ভারতের বরাক নদের সঙ্গে সংযোগ সুরমা নদী সিলেট ও সুনামগঞ্জ জেলায় প্রবাহিত। এর মধ্যে নদীর সিলেটের অংশ পড়েছে দখল ও দূষণের কবলে।
অঙ্গীকার বাংলাদেশের পরিচালকমণ্ডলীর সদস্য সিলেটের আইনজীবী মইনুদ্দিন আহমদ জালাল কর্মসূচির সমন্বয় করেন। তিনি বলেন, প্রতিবছর সেপ্টেম্বরের শেষ রোববার বিশ্বজুড়ে আন্তর্জাতিক নদী দিবস পালন করা হয়। এবারের দিবসকে সামনে রেখে নদীর প্রতি ভালোবাসা প্রকাশে নদীতে ফুল ফেলা হলো। এ কর্মসূচির মূল উদ্দেশ্য নদীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া কিছু মানুষের প্রতি নীরব প্রতিবাদ জানানো।
নদীতে পুষ্প অভিনন্দন কর্মসূচিতে প্রবীণ রাজনীতিবিদ আরশ আলী, কবি শুভেন্দু ইমাম, কবি তুষার কর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম, নাগরিক মৈত্রীর আহ্বায়ক সমরবিজয় সী শেখর, জেলা যুব ইউনিয়নের সভাপতি খায়রুল হাসান, পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল কবীর প্রমুখ অংশ নেন।
কর্মসূচি চলাকালে অঙ্গীকার বাংলাদেশের পক্ষ থেকে নদী-সচেতনতায় বিশেষ প্রচারপত্র বিলি করা হয়। এতে সুরমা নদী ছাড়াও বুড়িগঙ্গা, যমুনা, মেঘনা, শীতলক্ষ্যা, রূপসা, মধুমতী, চিত্রা, কালীগঙ্গা, ধলেশ্বরীসহ দেশের ৩২টি নদীর নাম উল্লেখ করে বলা হয়েছে, এসব নদীর কাছে সভ্যতা ও সংস্কৃতির জন্য কৃতজ্ঞ বাংলাদেশ। তাই কৃতজ্ঞতা প্রকাশে নদীর প্রতি সবার ভালোবাসা থাকতে হবে।