নদীর বালু দিয়ে বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে মুক্তেশ্বরী নদীর বালু দিয়ে মশিয়াহাটী বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠ ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর থেকে নির্দেশ পাওয়ার পর গতকাল শুক্রবার ঠিকাদার ওই কাজ বন্ধ করে দেন।
যশোরের মনিরামপুর উপজেলায় মুক্তেশ্বরী নদীর অবস্থান। আর বিদ্যালয়টি অভয়নগর উপজেলায় হলেও এর মাঠটি পড়েছে মনিরামপুরে। নদী থেকে বালু তোলায় ওই এলাকায় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে প্রথম আলোয় গত ২৬ জুন ‘যশোরে মুক্তেশ্বরী নদী: অপরিকল্পিত বালু উত্তোলন, ভাঙনের আশঙ্কা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ঠিকাদার ইব্রাহিম হোসেন গতকাল বলেন, ‘সব মিলিয়ে ৩৯ দিন ধরে নদী থেকে বালু তুলে মাঠ ভরাট করেছি। তবে খুব ভালো বালু ওঠেনি। কাজের মেয়াদ শেষ হয়ে গেছে ২৮ জুন। এ পর্যন্ত অর্ধেক মাঠও ভরাট হয়নি। আজ (গতকাল) সকালেও বালু তুলেছি। পিআইওর নির্দেশে দুপুর থেকে কাজ বন্ধ করে দিয়েছি। এতে আমার অনেক ক্ষতি হয়েছে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, ‘আজ (গতকাল) প্রকল্প কমিটির সঙ্গে বৈঠক করে নদী থেকে বালু তোলার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। মাটি দিয়ে অবশিষ্ট মাঠ ভরাটের কাজ করা হবে।’