নদীর বুকে আবাদ, শতাধিক হাটবাজার বন্ধের পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের একসময়ের খরস্রোতা মধুমতী, নবগঙ্গা, চিত্রা, কাজলা ও নলিয়া নদীর বুকে অসংখ্য ছোট-বড় চর জেগে উঠেছে। এসব চরে এখন চলছে নানা ফসলের আবাদ। অনেক স্থানে নদীর নাব্যতাও কমে গেছে। এ কারণে বৃহত্তর যশোর জেলার বড়দিয়া নৌবন্দরসহ নদীকেন্দ্রিক শতাধিক হাটবাজার বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, গোপালগঞ্জ, বাগেরহাট, ফরিদপুর, মাগুরা ও খুলনা থেকে নৌপথে নড়াইলের বড়দিয়া নৌবন্দরে আসার পথে অসংখ্য ছোট-বড় চর জেগে উঠেছে। এসব নদীর নাব্যতা অনেক হ্রাস পেয়েছে। এখন কোথাও হাঁটু, কোথাও কোমর বা বুকসমান পানি রয়েছে। আবার অনেক স্থানে ধু ধু বালুচর। এসব চরে বর্তমানে বিভিন্ন ফসল আবাদ করা হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, ১৯৬৩ সালে নবগঙ্গা নদীর মাগুরা অংশে (ঢাকা বাসস্ট্যান্ডসংলগ্ন) অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে নড়াইলের কয়েকটি নদী নাব্যতা হারায়। বর্ষা মৌসুম না এলে নড়াইলের সঙ্গে মাগুরা, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, বরিশাল ও বাগেরহাট জেলার ১২টি নৌপথে নৌযান চলাচল সম্ভব হয় না। ফলে মধুমতী নদীপারের ভাটিয়াপাড়া, বকজুড়ি, কালতাসুর, চর আড়িয়াড়া, ধানাইড়, ইছাখালী, কালনা, মল্লিকপুর, ইতনা, বড়দিয়া, করফা, শুকতইল, যোগানিয়া, জয়নগর, তালা ও মানিকদহ; নবগঙ্গা নদীপারের নলদী, মিঠাপুর, লোহাগড়া, কালনা, কালিয়া, বারইপাড়া ও গাজীরহাট; চিত্রাপারের রতডাঙ্গা, রূপগঞ্জ, মীরাপাড়া, গোবরা, শিঙ্গাশোলপুর, খড়রিয়া ও পেড়লী; কাজলা নদীপারের তুলারামপুর, গড়েরহাটসহ শতাধিক হাটবাজার বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বড়দিয়া নৌবন্দরের চিকিৎসক জগদীশ চন্দ্র বলেন, নদীর বুকে অসংখ্য চর জেগে ওঠায় বর্তমানে নড়াইলের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের গুরুত্বপূর্ণ স্থান ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর নৌযোগাযোগ বন্ধের পথে। এতে মধুমতী নদী-তীরবর্তী ৪০টি হাটবাজার বন্ধের পথে।
চিত্রা নদীর তীরবর্তী কোবরা বাজারের ব্যবসায়ী দুলু বিশ্বাস বলেন, চর জেগে ওঠায় এবং নাব্যতা কমে যাওয়ায় নদীর নড়াইল অংশে নৌ চলাচল এবং নদী-তীরবর্তী ২৫টি হাটবাজার বন্ধের পথে।
পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার বলেন, লোহাগড়া ও কালিয়া উপজেলায় ভাঙনরোধে বড়দিয়া ও মল্লিকপুর এলাকার দুটি চর খনন করার জন্য প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।