নদীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লক ফেলে মেঘনা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে ভোলা সদর উপজেলায় মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি থেকে কাচিয়া ইউনিয়নের দাসেরহাট পর্যন্ত চার কিলোমিটারজুড়ে এ মানববন্ধন হয়। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় কয়েক শ মানুষ এ মানববন্ধন করে। মানববন্ধনে অংশ নেওয়া কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন, ধনিয়ার চেয়ারম্যান এমদাদ হোসেনসহ কয়েকজন জানান, শুষ্ক মৌসুমের চার মাস চলে যাওয়ার পরও পানি উন্নয়ন বোর্ড ভাঙন প্রতিরোধের উদ্যোগ নেয়নি। সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পুরোনো লঞ্চঘাট এলাকা থেকে উত্তরে কাচিয়া ইউনিয়ন ও পূর্ব ইলিশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিন ফসলিজমিসহ শত শত একর জমি নদীতে বিলীন হচ্ছে।পাউবো ভোলার সহকারী প্রকৌশলী ফজলে এলাহী জানান, ব্লক ছাড়া ভাঙনের তীব্রতা কমানো যাবে না। গত দুই বছর ধরে ‘ভোলা শহর রক্ষা প্রকল্প’ নামে সাড়ে ছয় কিলোমিটার ব্লক বাঁধ নির্মাণের প্রকল্পের নকশা মন্ত্রণালয়ে জমা আছে। কিন্তু তদবির না করায় ওই নকশার অনুমোদন করা হচ্ছে না।