নদীর ভাঙনরোধে মানববন্ধন
গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের কানাইপাড়া এলাকায় যমুনা নদীর তীরে গতকাল রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। নদীর ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে তাঁরা ওই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন হলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াকুব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক ও রফিকুল ইসলাম, হলদিয়ার স্বেচ্ছাসেবী ‘সংগঠন এসো উন্নয়ন করি’র নির্বাহী পরিচালক মাহফুজার রহমান, ব্যবসায়ী মতিউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দফায় দফায় বর্ষণ ও উজানের ঢলে যমুনার পানি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। এ অব্যাহত ভাঙনে গত দুই সপ্তাহে হলদিয়া ইউনিয়নের কানাইপাড়া ও গোবিন্দপুর গ্রামের শতাধিক ঘরবাড়ি, প্রায় ২৫০ বিঘা উঠতি পাটখেত ও আবাদি জমি, অসংখ্য গাছপালা বিলীন হয়। এ ছাড়া তিন শতাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড(পাউবো) ভাঙনরোধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার বলেন, হলদিয়া ইউনিয়নে ভাঙনরোধে বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ স্থাপনের কাজ চলছে। এ ছাড়া উপজেলার হলদিয়া, ভরতখালী, ফুলছড়ির গজারিয়া ইউনিয়নে ভাঙনরোধে ২৫৮ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।