নদীর ভাঙনে হুমকিতে বিদ্যালয়
তিস্তা নদীর ভাঙন রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান জুম্মাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুব কাছাকাছি এসে পড়েছে। বালুর বস্তা ফেলে ভাঙনের কবল থেকে বিদ্যালয়টি রক্ষার চেষ্টা করা হচ্ছে। তবে যেকোনো মুহূর্তে এটি নদীতে বিলীন হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় লোকজন।
গত রোববার সরেজমিনে দেখা যায়, নদীর ভাঙন থেকে বিদ্যালয়টি সামান্য দূরে। এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, একসময় এই বিদ্যালয়টি নদী থেকে অনেক দূরে ছিল। সেই সঙ্গে নদীর তলদেশের গভীরতা ছিল। পলি পড়তে পড়তে এখন নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে বন্যায় নদীর ভাঙন আগের থেকে অনেক বেশি হচ্ছে। গত এক মাসে বালুর বস্তা ফেলে বিদ্যালয়টি ভাঙনের কবল থেকে রক্ষার চেষ্টা করা হচ্ছে। গত এক সপ্তাহে কিছু বাঁশের খুঁটি ও বালুর বস্তা নদীতে বিলীন হয়ে গেছে। এবার হয়তো বিদ্যালয়টি রক্ষা করা যাবে না।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ১৯৭২ সালে সরকারীকরণ হয়। ১৯৯৪ সালে পাকা ভবন নির্মাণ করা হয়। পাকা দেয়ালের ওপরে চারচালা টিন। বর্তমানে এ বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২০০ শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষকসহ পাঁচজন শিক্ষক কর্মরত আছেন। এলাকার সাংসদ ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার হস্তক্ষেপে এক বছর আগে বিদ্যালয়টি রক্ষায় কাজ করা হয়েছে। সেটি এবার বিলীন হওয়ার উপক্রম হয়েছে।
প্রধান শিক্ষক বদরুল হাসান বলেন, নদীভাঙন রোধে অনেক চেষ্টা করা হচ্ছে। তবে নদীর কিনারে এসে পড়েছে বিদ্যালয়টি। এতে বিদ্যালয়টি রক্ষা করা সম্ভব হবে না। শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়েছে।
আলমবিদিতর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফতাবুজ্জামান বলেন, বালুর বস্তা ও বাঁশের খুঁটি পুঁতে বিদ্যালয়টি রক্ষার চেষ্টা চলছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রংপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শহীদুর রহমান বলেন, নদীর ভাঙন রোধে ডিসেম্বরে ওই এলাকাসহ আরও কিছু ভাঙনকবলিত এলাকায় পাঁচ কোটি টাকা ব্যয় করা হবে।