শীতলক্ষ্যা নদীর জায়গায় খুঁটি স্থাপন ও হাঁটার পথ বা ‘ওয়াকওয়ে’ নির্মাণের প্রতিবাদে এবং এসব বন্ধের দাবিতে গতকাল শুক্রবার নাগরিক সমাবেশ করেছেন পরিবেশবাদীরা। তাঁরা অবিলম্বে এ ধরনের কাজ থেকে বিরত থাকার দাবি জানান।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও গ্রিন ভয়েসের যৌথ উদ্যোগে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ ও মানববন্ধন হয়। কর্মসূচিতে আরও কয়েকটি পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।সমাবেশ থেকে নদীর মধ্যে খুঁটি স্থাপন ও রাস্তা বানিয়ে সরকারি উদ্যোগে নদী ধ্বংসের প্রক্রিয়া বন্ধ করা, নদীর ভেতরের সব খুঁটি, রাস্তা ও দখলদারদের অবিলম্বে অপসারণ, নদীর জমি নদীকে ফিরিয়ে দেওয়া এবং হাইকোর্টের নির্দেশ অনুসারে সঠিকভাবে নদীর সীমানা চিহ্নিতকরণের দাবি জানানো হয়।শীতলক্ষ্যা নদীর কাঁচপুর থেকে ডেমরার করিম জুট মিল পর্যন্ত হাঁটার পথ (ওয়াকওয়ে) তৈরি নিয়ে ৬ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘নদীর ঢাল থেকে ৬০ ফুট ভেতরে হাঁটাপথ!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সমাবেশে বক্তারা বলেন, গত বছর শুকনো মৌসুমে তুরাগ নদের স্বল্প প্রবাহের (লিন ফ্লো) পানির পাশে অর্থাৎ নদীর ভেতরে শতাধিক খুঁটি পোঁতা হয়। অব্যাহত প্রতিবাদের মুখে নৌপরিবহন মন্ত্রণালয় তখন খুঁটি পোঁতার কাজ বন্ধ রাখে।বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিনের সভাপতিত্বে সমাবেশে অংশ নেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, হাওর ও জলাধার উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক ম ইনামুল হক, বাপার শরীফ জামিল, গ্রিন ভয়েসের হুমায়ুন কবির, নদীপক্ষের হাসান ইউসুফ খান, বাংলাদেশ ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্কের রেবা পাল, টিআইবির এম জাকির হোসেন খান, সুন্দর জীবনের এম সিরাজুল ইসলাম, সেবার মো. নুরুদ্দিন, পিসের ইফমা হোসেন প্রমুখ।