নদীর মধ্যে রাস্তা নির্মাণ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা এলাকায় সোনাভরি নদীর গতিপথ আটকে একটি কাঁচা রাস্তা বানানো হচ্ছে। স্থানীয় কয়েক ব্যক্তি টিকবে না জেনেও অর্থ আত্মসাতের জন্যেই দ্বিতীয়বারের মতো এটি নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত নির্মাণের কয়েক মাস পরই বর্ষাকালে এটি ভেঙে যায়। এবারও রাস্তাটি ভেঙে ২৫টি গ্রাম ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের কাজাইকাটা এলাকায় সোনাভরি নদীর গতিপথ বন্ধ করে কাঁচা একটি সড়ক নির্মাণ করা হচ্ছে। সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ টাকা। এর দৈর্ঘ্য ২২৫ এবং প্রস্থ ৫০ ফুট। স্থানীয় একটি সমিতি ১০ মে কাজ শুরু করে। এক মাসের মধ্যে কাজটি শেষ হওয়ার কথা থাকলেও এগিয়েছে সামান্য।
দাঁতভাঙা ইউনিয়নের পরিষদের (ইউপি) সদস্য মন্টু মিয়া ও জাহাঙ্গীর আলম জানান, ২০১৩-১৪ অর্থবছরে তেলিপাড়া এলাকায় একই প্রকল্পের নয় লাখ টাকা ব্যয়ে একটি বেড়িবাঁধ নির্মাণ করা হয়। কিন্তু বর্ষা মৌসুমে পানির চাপে সেটি ভেঙে গিয়ে ১৫টি গ্রাম প্লাবিত হয়। সেই সঙ্গে প্রায় ২৪৭ একর ফসলি জমি নদে বিলীন হয়।
চর ইটালুকান্দা গ্রামের মকবুল হোসেন, আব্বাস শেখ, ফজলুল হকসহ কয়েকজন জানান, আসলে এখানে একটি সেতু দরকার। সেটা না করে সরকারি টাকা খরচ করে প্রতিবার মাটির রাস্তা করা হয়। আর বর্ষায় তা ভাঙে। মাঝখান থেকে লাভ হয় কিছু লোকের।
স্থানীয় লোকজন জানান, রাস্তাটি নির্মিত হলে প্রায় ২৫টি গ্রামের ঘরবাড়ি ও প্রায় ১২ হাজার ৩৫০ একর জমি হুমকির মুখে পড়বে। বিশেষ করে লাউবাড়ি, চর ইটালুকান্দা, ইটালুকান্দা, লাউয়াবাড়ি, আমবাড়ি, তেলির মোড়, ভেড়ামারা, খেয়ার আলগা, খেয়ারচর, তেলিপাড়া ও কাজাইকাটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। এতে অন্তত ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে কাজাইকাটা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ, কাজাইকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাউবাড়ি হাটসহ সাত হাজার ঘরবাড়ি ও স্থাপনা।
এলাকাবাসী অভিযোগ করেন, গতবার এই রাস্তা নির্মাণের কাজে গঠিত সমিতির বেশির ভাগ পুরোনো সদস্যই এবার নামকাওয়াস্তে রাস্তাটি বানাচ্ছেন। এবারের সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক মজিবর রহমানসহ সদস্য শাহাদত হোসেন, নূর হোসেন, ফজিলা বেগম, ফুলমতি বেগম, মজিদা বেগম আগের সমিতিতেও ছিলেন।
সরেজমিনে দেখা যায়, যেখানে রাস্তা করা হচ্ছে তাঁর পাশ থেকেই ড্রেজার বসিয়ে মাটি তোলা হচ্ছে। ওই মাটি দিয়ে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।
সমিতির সদস্যরা অভিযোগ করেন, প্রকল্পের নিয়মানুযায়ী স্থানীয় লোকজনেরই মাটি কেটে সড়কের কাজ করার কথা। কিন্তু কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের ইচ্ছানুযায়ী ড্রেজার দিয়ে মাটি তোলা হচ্ছে।
কমিটির সদস্য শাহাদত হোসেন ও নূর হোসেন অভিযোগ করেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের ইচ্ছা অনুসারেই সব হচ্ছে। এমনকি কত টাকায় কাজটি করা হচ্ছে তাও কমিটির অন্য সদস্যরা জানেন না।
এ বিষয়ে আলাপের জন্য সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক মজিবর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।
উপজেলা প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, ‘ওটি একটি মৃত নদী। সেখানে রাস্তা বানানো হলে কোনো ক্ষতির আশঙ্কা তো দেখি না। তা ছাড়া রাস্তা নির্মাণ হলে ১৫টি গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থার উন্নতি হবে।’