নদীর মাটি কেটে পাড় ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে চিত্রা নদীর তলদেশ থেকে মাটি কেটে ভরাট করা হচ্ছে পাড়। স্থানীয় একজন প্রভাবশালী নদীর মাটি কেটে পাড়ের নিচু জায়গায় ওই মাটি ফেলে বাগান করার জন্য উঁচু করছেন। এ কারণে নদীর মধ্যে বড় বড় গর্ত তৈরি হচ্ছে। এলাকাবাসী জানান, বাগান করার জন্য যে স্থানে মাটি ফেলা হচ্ছে, সেটি নদীর জায়গা।স্থানীয় ব্যক্তিরা জানান, যে স্থানটি ভরাট করা হচ্ছে, বর্ষা মৌসুমে সেখানে নদীর পানি থাকে। কিন্তু এখন পানি না থাকায় চাপরাইল গ্রামের মিজানুর রহমান ওই জায়গা তাঁর দাবি করে ভরাট করছেন। তিনি প্রভাবশালী হওয়ায় কেউ এর প্রতিবাদ করতে পারছেন না। মিজানুর রহমান দাবি করেন, ওই স্থানে তাঁর ৬০ শতক জমি আছে। তিনি নদীর কোনো জায়গা দখল করছেন না। তিনি যেটুকু ভরাট করছেন, সেখানে লিচুবাগান করবেন। নদী থেকে মাটি কাটা প্রসঙ্গে তিনি আরও জানান, নদী থেকে মাটি কাটায় যেসব গর্ত তৈরি হচ্ছে, সেখানে শুকনা মৌসুমেও পানি থাকবে। তাহলে এলাকার লোকজন সব সময় গোসলের সুবিধা পাবে। এ কারণে তিনি নদীর মধ্যে গর্ত করে দিচ্ছেন। গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার চাপরাইল বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীর চাপরাইল বাজার এলাকায় প্রায় ৫৫ শতাংশ জায়গা ভরাটের কাজ চলছে। শ্রমিক মনিরুল ইসলামের তত্ত্বাবধানে নদীর পাড় ভরাটের কাজ এগিয়ে চলেছে।মনিরুল ইসলাম জানান, চাপরাইল গ্রামের মিজানুর রহমান এ কাজ করাচ্ছেন। সেখানে তিনি লিচুবাগান করবেন। পাড় থেকে নদীর আনুমানিক ২০০ ফুট ভেতর পর্যন্ত ১০ থেকে ১২ ফুট উঁচু করে মাটি ফেলা হচ্ছে। মিজানুর রহমান জানান, যেখান থেকে মাটি কাটা হচ্ছে, সেখানে পুকুর করা হবে। পুকুরের মাটি দিয়ে বাঁধা জায়গায় হবে ফলের বাগান। তিনি দাবি করেন, তাঁর জায়গাই তিনি মাটি ফেলে উঁচু করছেন। যেখানে পুকুর করা হচ্ছে, সেটা নদীর জায়গা।স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, যেখানে মাটি ভরাট করা হচ্ছে, এর পুরোটাই নদীর জায়গা। এখনো বর্ষা মৌসুমে সেখানে পানি থাকে।রায়গ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অচিন্ত কুমার জানান, খবর পেয়ে ওই এলাকায় পরিদর্শনে গিয়ে মনে হয়েছে যে জায়গা ভরাট করা হচ্ছে, তা নদীর। এ কারণে জায়গা ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরাদুল হক জানান, এভাবে নদীর জায়গা দখল করে নদী থেকে মাটি কাটা অপরাধ। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।