নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ঢাকা ও এর আশপাশের চারটি নদীর সীমানা নির্ধারণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। নদীর সামীনা পিলার স্থাপন ও গাইডওয়াল নির্মাণের কাজ ১২ এপ্রিল গাজীপুর থেকে শুরু হচ্ছে।গতকাল রোববার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর সেন্ট্রাল খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীর তীরে পন্টুন উদ্বোধন ও ফেরি সার্ভিস চালু উপলক্ষে বন্দর উপজেলা মহাজোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ নাসিম ওসমান, সাবেক সাংসদ শামীম ওসমান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী প্রমুখ। নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নদী খননের জন্য সাতটি এবং পানি উন্নয়ন বোর্ডের জন্য তিনটি ড্রেজার কিনেছিলেন। পরবর্তী সময়ে আর কোনো সরকার ড্রেজার কেনেনি। তাই ২৪ হাজার কিলোমিটার নদীপথ ২৬০০ কিলোমিটারে পরিণত হয়েছে। এই সরকার তিনটি ড্রেজার কেনার প্রক্রিয়া শুরু করেছে। সরকার নদী রক্ষায় ব্যাপক উদ্যোগ নিয়েছে।’শাজাহান খান আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার চারপাশে ওয়াটার বাস সার্ভিস সম্প্রসারণ করা হবে। নারায়ণগঞ্জেও এই সার্ভিস চালু করা হবে। তিনি নারায়ণগঞ্জ-বন্দর খেয়াঘাটে অবিলম্বে ফেরি সার্ভিস চালুর প্রতিশ্রুতি দেন। সাংসদ নাসিম ওসমান জনগণের দুর্দশা লাঘবে মে মাসের মধ্যে ফেরি সার্ভিস চালুর জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘জনগণের এই দাবি পূরণ না হলে আমাকে সংসদ সদস্যের পদ থেকে সরে দাঁড়াতে হবে।’