নদীর ১৫ কিলোমিটারে বাঁধ দিয়ে মাছ শিকার
যশোরের মুক্তেশ্বরী ও টেকা নদীর প্রায় ১৫ কিলোমিটারজুড়ে চলছে মাছ নিধন। নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে ও বাঁশ পুঁতে চারপাশ জাল দিয়ে ঘিরে এর মধ্যে ডালপালা ফেলে (স্থানীয়ভাবে ‘কোমড়’ নামে পরিচিত) ধরা হচ্ছে মাছ। ভবদহ স্লুইসগেট থেকে গাড়ির ঘাট পর্যন্ত এমন পাঁচ শতাধিক বাঁধ ও কোমড় আছে।এসব বাঁধ ও কোমড়ে আটকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা মারা যাচ্ছে। পাশাপাশি নদীতে পানিপ্রবাহ ও নৌচলাচল ব্যাহত হচ্ছে। এলাকাবাসী জানান, এভাবে কয়েক বছর ধরে মাছ শিকার করা হচ্ছে। তবে মাছ শিকারে গত বছর থেকে নদীতে বাঁধ, কোমড় ও পাটার সংখ্যা অনেক বেড়েছে।এলাকাবাসী ও মৎস্য কার্যালয় সূত্র জানায়, মুক্তেশ্বরী নদী যশোরের মনিরামপুর ও অভয়নগর উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে। অভয়নগরের বারান্দী এলাকায় এটি টেকা নদীতে গিয়ে মিশেছে। প্রায় চার কিলোমিটার দীর্ঘ টেকা নদী ভবদহ স্লুইসগেটসংলগ্ন শ্রী নদীতে গিয়ে মিলেছে। মুক্তেশ্বরী ও টেকা নদী দিয়ে এই অঞ্চলের ৫২টি বিলের পানি নিষ্কাশন হয়। টেকা নদীর ভবদহ স্লুইসগেট থেকে মুক্তেশ্বরী নদীর গাড়ির ঘাট পর্যন্ত অংশে ওইসব বাঁধ ও কোমড় দিয়ে অবাধে বড় মাছের পাশাপাশি পোনা মাছও শিকার করা হচ্ছে।উপজেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান জানান, নদীতে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে মাছ ধরা আইনত দণ্ডনীয়। ইতিমধ্যে কয়েকজনকে বাঁধ ও কোমড় তুলে নিতে নোটিশ দেওয়া হয়েছে। অন্যদের পর্যায়ক্রমে নোটিশ দেওয়া হবে। এরপরও তাঁরা অপসারণ না করলে সেগুলো উচ্ছেদ করা হবে।জেলেরা জানান, এসব বাঁধ ও কোমড়ে সহজেই ধরা পড়ে রুই, কাতলা, মৃগেল, গজার, শোল, টাকি, শিং, মাগুর, কই, টেংরা, পাবদা, চিংড়ি, পুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছ। বাঁধ ও কোমড়ে আটকা পড়ে এসব মাছের পোনাও ধ্বংস হচ্ছে। প্রতিদিন ২০০ টাকা মজুরিতে কোমর থেকে মাছ ধরেন মনিরামপুর উপজেলার পাঁচাকড়ি গ্রামের মহাদেব বিশ্বাস (৫৫)। তিনি জানান, ভবদহ স্লুইসগেট থেকে গোঘাটা পর্যন্ত পাঁচ কিলোমিটারের মধ্যে ৩০০ কোমর ও বাঁধ আছে।হাজিরহাট এলাকায় মুক্তেশ্বরী নদীতে বাঁশের পাটার আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকার করেন মনিরামপুরের পাঁচকাটিয়া গ্রামের সমেন রায়। তিনি বলেন, ‘৯ থেকে ১০ মাস আগে বেড়া দিয়েছি। সারা রাত মাছ মারি। ছোটবড় সব ধরনের মাছ পাই। আগে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ টাকার মাছ পেতাম। এখন তেমন পাচ্ছি না।’কুচলিয়া গ্রামের অনিক বিশ্বাস জানান, ঘন ঘন বাঁধ ও কোমড় থাকায় নৌকা যেতে পারছে না। ফলে বিলের ধান ও অন্যান্য ফসল কেটে নৌকায় করে এখন আর বাড়ি নিয়ে আসা সম্ভব হচ্ছে না।মনিরামপুরের হরিদাসকাটি ইউপির চেয়ারম্যান নিরঞ্জন প্রসাদ বিশ্বাস জানান, এই অঞ্চলের বিলগুলোর পানি নিষ্কাশন হয় নদী দুটি দিয়ে। কিন্তু নদীতে আড়াআড়ি বাঁধ ও কোমড় দিয়ে মাছ শিকার করা হচ্ছে। ফলে মাছের রেণু ধ্বংসের পাশাপাশি পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। নদীতে নৌকা চলাচল করতে পারছে না, এটা বন্ধ হওয়া দরকার।উপজেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান বলেন, ‘আমরা আগে একবার এসব বাঁধ ও পাটা তুলে দিয়েছিলাম। পরে তারা আবার দিয়েছে। যেকোনো সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আমরা এসব বাঁধ ও পাটা তুলে দেব।’