
দুই বছর আগে খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারি গ্রামে ভাঙন রোধে নির্মাণ করা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে বাঁধের কিছু অংশ নদীতে বিলীন হয়ে গেছে। সেখানে বিকল্প বাঁধ দিয়ে আটকে রাখা হয়েছে পানি।
উপজেলার সুতারখালী ও কামারখোলা ইউনিয়নে বাঁধের অনেক স্থানে একই রকম অবস্থা। স্থানীয় সূত্র বলছে, নদীশাসন না করে বাঁধ নির্মাণ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভাঙন রোধে নদীর কিনারে পাথর, সিমেন্টের ব্লক বা বালুভর্তি ব্যাগ ফেলতে হবে। বিশ্বব্যাংকের বাঁধ নির্মাণ প্রকল্পেও নদীশাসন গুরুত্ব পাচ্ছে না। এই এলাকার প্রায় ৫০ কিলোমিটার বাঁধের মধ্যে মাত্র দুই কিলোমিটারে নদীশাসনের কথা বলা হয়েছে।
দাকোপ উপজেলার সুতারখালী ও কামারখোলা ইউনিয়নটি পড়েছে পাউবোর ৩২ নম্বর পোল্ডারের মধ্যে। ওই দুটি ইউনিয়নে বসবাস প্রায় ৬০ হাজার মানুষের। পোল্ডারটি সুতারখালী, ভদ্রা, ঢাকী ও শিবসা নদী দিয়ে বেষ্টিত। বড় বড় নদী দিয়ে বেষ্টিত হওয়ায় প্রতিবছরই ভাঙনের কবলে পড়ে এখানকার বাঁধ।
বিশ্বব্যাংকের অর্থায়নে খুলনা ও বরিশাল বিভাগের ছয়টি জেলার মোট ১৭টি পোল্ডার সংস্কার করছে পাউবো। প্রকল্পের নাম ‘উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প, ফেজ-১ (সিইআইপি-১)’। ২০১৫-১৮ বছর মেয়াদি এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ২৮০ কোটি টাকা। দাকোপ উপজেলায় রয়েছে ৩২ ও ৩৩ নম্বর পোল্ডার। ৩২ নম্বর পোল্ডারে প্রায় ৫০ কিলোমিটার বাঁধের জন্য ব্যয় ধরা হয়েছে ১৭৫ কোটি ৭৩ লাখ টাকা। কাজের মধ্যে আছে বাঁধের উন্নয়ন, বিকল্প বাঁধ, নদীশাসনসহ অন্যান্য। ২০১২-১৩ অর্থবছরের সমীক্ষার পরিপ্রেক্ষিতে প্রকল্পে নদীশাসন ধরা হয়েছে মাত্র দুই কিলোমিটারের কিছু বেশি।
সম্প্রতি ৩২ নম্বর পোল্ডার ঘুরে এবং ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, পোল্ডারটির অন্তত ১০টি স্থান প্রায়ই ভাঙনের কবলে পড়ে। তা ছাড়া অন্যান্য এলাকার বাঁধও মাঝে মাঝে ভেঙে যায়। এ কারণে এলাকাবাসীর সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। সুতারখালী ইউনিয়নের কালীবাড়ি এলাকায় নদীর তীর ঘেঁষে রয়েছে বাঁধ। এখানকার অনেক এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। কোনো রকম বিকল্প বাঁধ দিয়ে পানি আটকে রাখা হয়েছে।
সুতারখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুম আলী ফকির বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে যে নতুন বাঁধ হচ্ছে, তাঁর সুফল পেতে অবশ্যই নদীশাসন করতে হবে। পুরো পোল্ডার এলাকায় নদীশাসন করলে ভালো হয়। তাহলে দুর্যোগপ্রবণ এই এলাকার মানুষ অনেকটা শান্তিতে থাকতে পারবেন। পাউবোর কাছেও এই দাবি অনেকবার করা হয়েছে। বাঁধ নির্মাণে স্থানীয় লোকজন বা জনপ্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয় না।
কামারখোলা ইউপির চেয়ারম্যান পঞ্চানন মণ্ডলেরও দাবি আগে নদীশাসন। তিনি বলেন, ৩২ নম্বর পোল্ডারের প্রায় ৫০ কিলোমিটার বাঁধের মধ্যে কোনো এক স্থান ভেঙে গেলে তার প্রভাব পড়ে পুরো পোল্ডারবাসীর ওপর।
এ ব্যাপারে পাউবোর সিইআইপি-১ প্রকল্পের উপবিভাগীয় প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, প্রকল্পের কাজ প্রাথমিকভাবে শুরু হওয়ার পর ২০১২-১৩ অর্থবছরের সমীক্ষা অনুযায়ী দুই কিলোমিটারের কিছু বেশি বাঁধে নদীশাসন অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু এ বছর যেভাবে ভাঙন লেগেছে, তাতে আরও পাঁচ-ছয় কিলোমিটার বাঁধে নদীশাসন করতে হবে। বিষয়টি বিশ্বব্যাংকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সামনে ভাঙন আরও বাড়তে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, আগামী বর্ষা মৌসুম এলে বোঝা যাবে, আরও নদীশাসনের প্রয়োজনীয়তা আছে কি না।