নদীশাসনই পদ্মা সেতুর মূল চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে ‘পদ্মা সেতু-উন্নয়ন নতুন প্রাণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে গতকাল বক্তব্য দেন জামিলুর রেজা চৌধুরী। পাশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের l প্রথম আলো
রাজধানীতে ‘পদ্মা সেতু-উন্নয়ন নতুন প্রাণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে গতকাল বক্তব্য দেন জামিলুর রেজা চৌধুরী। পাশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের l প্রথম আলো

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু করা যতটা না চ্যালেঞ্জের, তার চেয়ে বেশি চ্যালেঞ্জ নদীশাসন। গতকাল শনিবার রাজধানীতে ‘পদ্মা সেতু-উন্নয়ন নতুন প্রাণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
ডেইলি স্টার ও বিএসআরএম যৌথভাবে ডেইলি স্টার সেন্টারের আজিমুর রহমান কনফারেন্স হলে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। অনুষ্ঠানে সব বক্তাই বলেন, জাতীয় জীবনে পদ্মা সেতুর গুরুত্ব অনেক বেশি।
অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, পদ্মায় যখন-তখন নদীভাঙন হয়। এই নদীর শাসনই কঠিন চ্যালেঞ্জ। এ কারণেই পদ্মা সেতুতে ১২০ মিটার গভীর পাইলিংয়ের কাজ হচ্ছে। অন্য যেকোনো সেতুর ক্ষেত্রে এটি অস্বাভাবিক।
ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা আর আমাজন—এই দুই নদীর স্রোত পৃথিবীর মধ্যে অস্বাভাবিক। আমরা এর স্রোতের কারণে উদ্বিগ্ন। কিন্তু আমরা এই সেতু করতে দৃঢ়প্রতিজ্ঞ। সে কারণেই আমরা ভীত নই। তা ছাড়া এই সেতুর জন্য অনেক লোক তাঁদের জায়গাজমি ছেড়ে দিয়েছেন। তাঁরা যদি এই ত্যাগ না করতেন, আমরা সেতু করতে পারতাম না। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।’
পদ্মা সেতুতে যথাসময়ে ট্রেন চলবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। এ ছাড়া ঢাকা-মাওয়া ও জাজিরা-ভাঙ্গা সড়ক সেনাবাহিনী আরও উন্নত করবে বলেও জানান মন্ত্রী।
পদ্মা সেতুর প্যানেল বিশেষজ্ঞ জামিলুর রেজা চৌধুরী বলেন, এই সেতু তৈরি করা বিশ্বে প্রকৌশলকাজের মধ্যে অন্যতম চ্যালেঞ্জ। পৃথিবীর আর কোনো সেতুর জন্য সম্ভবত এত বড় নদীশাসনের কাজ করতে হয়নি। গঙ্গা আর ব্রহ্মপুত্রের পানি পদ্মা দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়ার কারণে এর স্রোত এত বেশি। তিনি বলেন, প্রতি ২০ সেকেন্ডে পদ্মায় যে পানি প্রবাহিত হয়, তাতে পুরো ঢাকার এক দিনের পানির চাহিদা মিটে যাবে। সেতু হলেও এই প্রবাহ ঠিক রাখতে হবে। এ জন্য নদীশাসনে অনেক টাকা খরচ করতে হবে।
পদ্মা সেতুর নদীশাসনে ৯ হাজার ৪০০ কোটি টাকা খরচ হচ্ছে। এর আগে এই খরচ ছিল ৪ হাজার ৩৮৮ কোটি টাকা।
সাংসদ সাগুফতা ইয়াসমিন বলেন, গত বর্ষায় এখানে নদীভাঙন হয়েছে। ভাঙন রোধে কোটি কোটি টাকার বালু ফেলা হয়েছে। তিন দফার চেষ্টায় এই ভাঙন বন্ধ করা গেছে।
বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক খান মাহমুদ আমানত বলেন, ‘নিজেদের টাকায় এই সেতু হচ্ছে। নিজেদের বিশেষজ্ঞদের আরও বেশি করে এখানে যুক্ত করতে হবে, যাতে করে তাঁরা এখান থেকে অভিজ্ঞতা নিতে পারেন।
জামিলুর রেজা চৌধুরী অবশ্য বলেন, বিদেশিদের চেয়ে বাংলাদেশি প্রকৌশলীরা এখানে বেশি যুক্ত আছেন। প্রযুক্তি হস্তান্তরও হচ্ছে।
বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক এ এফ এম শফিউল ইসলাম বলেন, ৬ দশমিক ১৫ কিলোমিটার এই সেতু করাটা আসলেই বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ।
ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘এই সেতুর কাজ শুরু হয়েছে, সেটা দেখাটা আনন্দের। জাতীয় জীবনে এই সেতুর যে গুরুত্ব, সে কারণেই পুরো জাতি এই সেতু নির্মাণে একমত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের রাজনৈতিক সদিচ্ছায় এটি হচ্ছে। অর্থ আসছে। এখন এটি বাস্তবায়নের সময়।’
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মিত হলে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীসহ দেশের বৃহত্তর এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হবে।